কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : আমাদের এলাকায় লাশ কবরে দাফন করে কবরের পাশে আযান দেয়া হয়। এটা কি জায়েজ?

উত্তর : না, লাশ কবরে দাফন করে কবরের পাশে আযান দেওয়া জায়েয নয়। কেননা তারা আযান শুনতে পায় না এবং এতে তার কোনো উপকারও হবে না। মহান আল্লাহ বলেন, ‘মৃতকে তো তুমি শুনাতে পারবে না, বধিরকেও আহবান শুনাতে পারবে না...’ (নামল, ৮০)। বরং এটা শরী‘আতে নব আবিষ্কৃত একটি আমল যা স্পষ্ট বিদ‘আত। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এমন কোনো আমল করবে যা শরী‘আতে নেই তা প্রত্যাখ্যাত’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)। তবে তার জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। ওছমান রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত ব্যক্তির দাফন কাজ সম্পন্ন করতেন, তখন সেখানে দাঁড়াতেন এবং বলতেন, ‘তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। অতঃপর তাঁর ঈমানের উপর সুদৃঢ় থাকার জন্য দু‘আ করো। কেননা এখনই তাকে প্রশ্ন করা হবে (আবুদাঊদ, হা/৩২২১; মিশকাত, হা/১৩৩)।

-সজীব হোসেন

জিন্দাবাজার, সিলেট।


Magazine