কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : ক্বিয়ামতের দিন পশু-পাখিদের কোন হিসাব নেওয়া হবে কি?

উত্তর : হ্যাঁ, ক্বিয়ামতের দিন জিন ইনসানের পাশাপাশি পশু-পাখিদেরও হিসাব নেয়া হবে। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বিয়ামতের দিন অবশ্যই সকলের হক্ব তার অধিকারীর কাছে আদায় করে দেয়া হবে। এমনকি শিং ভাঙ্গা ছাগলের অধিকার আদায় করে দেয়া হবে শিং ওয়ালা ছাগল থেকে (ছহীহ মুসলিম, হা/২৫৮২; মিশকাত, হা/৫১২৮)। তবে পশু-প্রাণীর জান্নাত-জাহান্নাম হবে না। বিচার পর্যন্তই শেষ। কেননা জানণাত-জাহান্নাম কেবলমাত্র মানুষ ও জিনের জন্য (সাজদাহ, ১৩)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ তা‘আলা (ক্বিয়ামতের দিন) জিন, ইনসান এবং চতুষ্পদ জন্তুর মাঝে বিচার করবেন। এমনকি সেদিন তিনি শিং ভাঙ্গা প্রাণীর প্রতিশোধ আদায় করে দিবেন শিং ওয়ালা প্রাণী থেকে। শেষ পর্যন্ত যখন আর কোন প্রাণীর কারও কাছে কোন দায়ভার বাকি থাকবে না, তখন আল্লাহ বলবেন, তোমরা মাটি হয়ে যাও। ঐ সময় কাফিরেরা আফসোস করে বলবে, ‘হায়! যদি আমরা মাটি হয়ে যেতাম’ (সূরা নাবা, ৪০; সিলসিলা ছহীহাহ, হা/১৯৬৬)।

-সিদ্দাতুল হাসান হাবীব

নবাবগঞ্জ, দিনাজপুর।


Magazine