উত্তর : সরকারের সমালোচনা আমভাবে করা জায়েয নয়। তবে যেখানে বললে সংশোধনের সম্ভাবনা রয়েছে সেখানে বলা যাবে (ছহীহ বুখারী, হা/২৬৯২; ছহীহ মুসলিম, হা/২৬০৫; মিশকাত, হা/৫০৩১)। আর সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না যতক্ষণ পর্যন্ত ছালাত আদায় করে। তবে সরকারের নির্দেশের কারণে ফৎওয়া পরিবর্তন করা যাবে না। সরকার কোনো হালালকে হারাম করলে বা কোনো হারামকে হালাল করলে আলেম-ওলামাকে নিজেদের অবস্থান শক্ত রেখে সঠিক ফৎওয়াই প্রদান করতে হবে। উম্মু সালামা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমাদের ওপর এমন সব শাসক নিযুক্ত হবে। তোমরা তাদেরকে বুঝতে পারবে এবং অপসন্দও করবে। সুতরাং যে ব্যক্তি তার মন্দ কাজের প্রতিবাদ করবে, সে ব্যক্তি তার দায়িত্ব হতে মুক্ত হয়ে যাবে। আর যে ব্যক্তি শাসকের এ মন্দ কাজকে অন্তর থেকে ঘৃণা করবে, সে ব্যক্তিও নিরাপদে থাকবে। কিন্তু যে ব্যক্তি উক্ত কাজের উপর সন্তুষ্টি প্রকাশ করবে এবং উক্ত কাজে শাসকের আনুগত্য করবে (সে গোনাহগার হবে)। তখন ছাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! এমতাবস্থায় আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। যতদিন পর্যন্ত তারা ছালাত আদায় করবে ততদিন তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। আবার বললেন, যতদিন পর্যন্ত তারা ছালাত আদায় করবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। অথবা যে ব্যক্তি অন্তর দিয়ে তা ঘৃণা করে ও অগ্রাহ্য করে (ছহীহ মুসলিম, হা/১৮৫৪; মিশকাত, হা/৩৬৭১)।
-মুস্তাফিজুর রহমান
সাঘাটা, গাইবান্ধা।
