কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : গীবত বা পরনিন্দা করার প্রতিফল কি জাহান্নাম?

উত্তর : গীবত বা পরনিন্দা একটি কাবীরা গুনাহ। যা মানুষকে ধ্বংসের অতল গহবরে নিক্ষেপ করে। এটি জাহান্নামের যাওয়ার অন্যতম মাধ্যম। আল্লাহ তা‘আলা বলেন, وَیْلٌ لِّکُلِّ ھُمَزَةٍ لُّمَزَةِ ‘ধ্বংস প্রত্যেক ঐ ব্যক্তির জন্য, যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে’ (হুমাযাহ, ১)। অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয় কতক ধারণা পাপ। আর কারও গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। আর তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা পসন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তওবা ক্ববুলকারী, পরম দয়ালু’ (হুজুরাত, ১২)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, ‘একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করা হলো, গীবত কী? তিনি বললেন, ‘তোমার ভাইয়ের ব্যাপারে তোমার এমন কিছু বলা, যা সে অপসন্দ করে’। বলা হলো, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে বর্তমান থাকে? তিনি বললেন, ‘তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে, তাহলেই তুমি তার গীবত করলে। আর তুমি যা বলো তা যদি তার মধ্যে না থাকে, তবে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে’ (ছহীহ মুসলিম, হা/২৫৮৯; আবুদাঊদ, হা/৪৮৭৬; মিশকাত, হা/৪৮২৮)। অতএব, গীবতের মতো জঘন্যতম অপরাধ থেকে নিজেকে সংযত রাখা যরূরী।

-আবুল হাসান

সাপাহার, নওগাঁ ।


Magazine