কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : কী আমল করলে কাবীরা গুনাহ মাফ হয়?

উত্তর : কী আমল করলে কাবীরা গুনাহ মাফ হয় তা নির্ধারিতভাবে বলা হয়নি। তবে অনুতপ্ত সহকারে পাপের স্বীকৃতি দিয়ে আর কোন দিন পাপ করবে না বলে খালেছ অন্তরে তওবা করলে বা বেশী বেশী ক্ষমা-ইস্তেগফার চাইলে কাবীরা গুনাহ মাফ হবে। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহ্র নিকট তাওবা কর বিশুদ্ধ তাওবা; সম্ভবতঃ তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলোকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত (সূরা তাহরীম, ৮)। এমতাবস্থায় নিমেণাক্ত দু‘আগুলো পড়া যরূরী। যেমন, (১) আস্তাগফিরুল্লা-হ, অর্থ : আমি আল্লাহ্র নিকটে ক্ষমা প্রার্থনা করছি (ছহীহ মুসলিম, হা/৫৯১; মিশকাত, হা/৯৬১)। (২) আস্তাগফিরুল্লা-হাল্লাযী লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতূবু ইলাইহি। অর্থ : আমি আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করছি। যিনি ব্যতীত কোন উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক এবং আমি তাঁর দিকেই ফিরে যাচ্ছি (বা তওবা করছি) (তিরমিযী, হা/৩৫৭৭; আবুদাঊদ, হা/১৫১৭; মিশকাত, হা/২৩৫৩)। (৩) সাইয়্যিদুল ইস্তিগফার বা আল্লা-হুম্মা আনতা রববী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবুউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবুউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা। অর্থ : হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই (বুখারী, হা/৬৩০৬; মিশকাত, হা/২৩৩৫)।

-আবুল হাশেম

সোনারগাঁও, নারায়নগঞ্জ।


Magazine