কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : রাসূলুল্লাহছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কবর যিয়ারত করলে দরূদ পড়তে হবে না-কি সালাম দিতে হবে?

উত্তর : রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কবর যিয়ারত করার সময় সর্বপ্রথম সালাম দিতে হবে। সালাম দেওয়ার ক্ষেত্রে কবরস্থানে পৌঁছে কবর যিয়ারতের দু‘আ পাঠ করাই যথেষ্ট হবে। দু‘আটি হলো,

أَلسَّلاَمُ عَلٰى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ، وَيَرْحَمُ اللهُ الْمُسْتَقْدِمِيْنَ مِنَّا وَالْمُسْتَأْخِرِيْنَ، وَإِنَّا إِنْ شَآءَ اللهُ بِكُمْ لَلَاحِقُوْنَ.

উচ্চারণ : আস-সালামু ‘আলা আহলিদ দিয়া-রি মিনাল মু’মিনীনা ওয়াল মুসলিমীনা; ওয়া ইয়ারহামুল্লা-হুল মুস্তাক্বদিমীনা মিন্না ওয়াল মুস্তা’খিরীনা; ওয়া ইন্না ইনশা-আল্লা-হু বিকুম লা লা-হিকূন। অর্থ : মুমিন ও মুসলিম কবরবাসীদের উপরে শান্তি বর্ষিত হোক। আমাদের অগ্রবর্তী ও পরবর্তীদের উপরে আল্লাহ রহম করুন! আল্লাহ চাহে তো আমরা অবশ্যই আপনাদের সাথে মিলিত হতে যাচ্ছি (ছহীহ মুসলিম, হা/৯৭৪; মিশকাত, হা/১৭৬৭)। অথবা নিচের দু‘আটিও পাঠ করা যেতে পারে,

 اَلسَّلاَمُ عَلَيْكَ يَا رَسُوْلَ اللهِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا أَبَا بَكْرٍ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا عُمَرُ.

উচ্চারণ : আস-সালামু ‘আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আস-সালামু ‘আলাইকা ইয়া আবা বাকরিন, আস-সালামু ‘আলাইকা ইয়া উমার। অর্থ : হে আল্লাহর রাসূল! আপনার উপরে শান্তি বর্ষিত হোক। হে আবুবকর! আপনার উপরে শান্তি বর্ষিত হোক। হে ওমর! আপনার উপরে শান্তি বর্ষিত হোক (আস-সুনানুল কুবরা বায়হাক্বী, হা/১০৫৭০, সনদ ছহীহ)।

-হাসিনুর রহমান

পীরগঞ্জ, ঠাকুরগাঁও।


Magazine