কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০): শুনেছি, কাপড় বা চাদরে বীর্য লাগলে তিনবার ধৌত করতে হয়। কিন্তু ভেজা চাদর ভারী হওয়ায় হাতে নিয়ে নিংড়াতে গেলে কোমরে ব্যথা করে এবং বারবার নিংড়াতে গেলে হাতে চাপ পড়ে। এমতাবস্থায় একবার ধৌত করা যথেষ্ট হবে কি? আর বীর্য লাগার পর শুকিয়ে যাওয়ার কারণে তা বের করা না গেলেকরণীয় কী?

উত্তর: কাপড় বা চাদরে বীর্য লাগলে তিনবার ধৌত করার বিষয়ে শ্রুত কথাটি সঠিক নয়। কাপড় বা চাদর ভেজা দেখা গেলে শুধু ভেজা জায়গাটি একবার ধৌত করলেই যথেষ্ট হবে। একদিন জনৈক ব্যক্তি উম্মুল মুমিনীন আয়েশা রাযিয়াল্লাহু আনহা-এর ঘরে মেহমান হলো। উম্মুল মুমিনীন আয়েশা রাযিয়াল্লাহু আনহা দেখলেন, ভোরে সে তার কাপড় ধৌত করছে (অর্থাৎ রাত্রে তার স্বপ্নদোষ হয়েছিল)। তা দেখে উম্মুল মুমিনীন আয়েশা ছিদ্দীক্বা রাযিয়াল্লাহু আনহা বললেন, মূলত তোমার পক্ষে এটুকুই যথেষ্ট হতো যে, তুমি বীর্য দেখে থাকলে কেবলমাত্র সে স্থানটি ধুয়ে নিতে। আর যদি তা না দেখে থাক, তাহলে জায়গাটিতে পানি ছিটিয়ে নিতে পারতে। কেননা এমনও হয়েছে আমি নিজে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাপড় থেকে শুকনো বীর্য রগড়িয়ে ফেলেছি, আর তিনি সে কাপড় পরেই ছালাত আদায় করেছেন (ছহীহ মুসলিম, হা/২৮৮; আবূ দাঊদ, হা/৩৭১)। বীর্য শুকনো থাকলে নখ দিয়ে খুচিয়ে তুলে দিলেই তা যথেষ্ট হবে (ছহীহ মুসলিম, হা/২৯০)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine