কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : গর্ভস্থ সন্তান ভাল হওয়ার জন্য পঠিতব্য কোন দু‘আ আছে কি?

উত্তর : গর্ভস্থ সন্তান ভাল হওয়ার জন্য নির্দিষ্ট কোন দু‘আর কথা কুরআন ও ছহীহ হাদীছে উল্লেখ নেই। তবে নিম্নের দু‘আগুলো পাঠ করা যায়। যেমন ইবরাহীম আলাইহিস সালাম বলেছিলেন, (১) ‘রববী হাবলী মিনাছ ছলিহীন’। ‘হে আল্লাহ! তুমি আমাকে সৎ সন্তান দান কর’ (ছফ্ফাত, ১০০)। (২) ‘রবিবজ্‘আলনী মুক্বীমাছ ছালাতি ওয়ামিন যুর্রিয়্যাতি, রববানা ওয়া তাক্বাববাল দু‘আ’। অর্থ : ‘হে আমার রবব! তুমি আমাকে ছালাত ক্বায়েমকারী বানাও এবং আমার সন্তানদেরকেও। হে আমাদের রবব! তুমি দু‘আ কবুল কর’ (ইবরাহীম, ৪০)। অন্যত্র বলেন, ‘রববানা হাব লানা মিন আয্ওয়া-জিনা ওয়া যুর্রিয়্যা-তিনা ক্বুর্রাতা আ’য়ুন, ওয়াজ‘আলনা লিল মুত্তাক্বীনা ইমামা’। অর্থ : ‘হে আমাদের রবব! তুমি আমাদেরকে চক্ষু শীতলকারী স্ত্রী ও সন্তান দান কর। আর তুমি আমাদের মুত্তাক্বীদের ইমাম বানিয়ে দাও’ (ফুরক্বান, ৭৪)। এছাড়াও কুরআনের বিভিন্ন স্থানে পরিবারের কল্যাণের জন্য পঠিতব্য দু‘আ রয়েছে। সেগুলোও পড়া যায়। যেমন; সূরা বাক্বারাহর ১২৮ নং আয়াত; সূরা আলে ইমরানের ৩৮ নং আয়াত ইত্যাদি।

প্রশ্নকারী : মাসূদ ফকির

উজিরপুর, বরিশাল।


Magazine