কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : আমি আমেরিকায় থাকাকালীন আমার স্বামীর সাথে সম্পর্ক গড়ে ওঠে এবং এক মাসের মধ্যেই মোবাইলে তার সাথে আমার বিবাহ হয়। বাবা-মা অনিচ্ছা সত্ত্বেও পরবর্তীতে তা মেনে নেয় এবং পারিবারিকভাবে আবারও বিয়ে হয়। প্রথম দিকে তার সাথে আমার ভালো কাটলেও বর্তমানে সে আমার সাথে চরম দুর্ব্যবহার করে, গালি-গালাজ করে, মাঝে-মধ্যে তালাক দেওয়ারও কথা বলে; ‘আর খারাপ ব্যবহার করবে না’ মর্মে ওয়াদা করে কিন্তু দুই দিনও পার না হতে আবারও পূর্বের মতোই দুর্ব্যবহার করে। এভাবে আমি অনেক কষ্ট স্বীকার করে তার সাথে চলছি। এমন পরিস্থিতিতে আমার করণীয় কী?

উত্তর : এমন পরিস্থিতিতে পারিবারিকভাবে সামাধান করা অধিক উত্তম। অর্থাৎ উভয় পরিবারের গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে সমাধান করার চেষ্টা করতে হবে। যদি সমাধান হয়ে যায় তাহলে সংসার করবে। মহান আল্লাহ বলেন, ‘যদি তাদের মাঝে সম্পর্কচ্ছেদ হওয়ার আশঙ্কা করো, তবে স্বামীর পরিবার হতে একজন এবং স্ত্রীর পরিবার হতে একজন সালিস নিযুক্ত করবে। যদি তারা উভয়ে নিষ্পত্তির ইচ্ছা রাখে, তাহলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করে দিবেন’ (নিসা, ৩৫)। আর যদি তার এমন চরিত্র পরিবর্তন না হয়, তাহলে শরী‘আতে স্ত্রীর পক্ষ হতে খোলা তালাকের বিধান রয়েছে। সুতরাং দাম্পত্য জীবন সুখের না হলে স্ত্রী ইচ্ছে করলে খোলা করে চলে যাবে। যেমন ছাবিত ইবনু ক্বায়সের স্ত্রী করেছিলেন (ছহীহ বুখারী, হা/৫২৭৩; তাহ্ক্বীক্ব মিশকাত, হা/৩২৭৪)। মহান আল্লাহ বলেন, ‘যদি কোনো স্ত্রী তার স্বামীর দুর্ব্যবহার ও উপেক্ষার আশঙ্কা করে, তাহলে তারা পরস্পর (তালাকের পথ অবলম্বন না করে) কোনো মীমাংসা করে নিলে তাদের উভয়ের কোনো গুনাহ নেই। বরং মীমাংসাই অধিক উত্তম’ (নিসা, ১২৮)।

-সোহরা মীম

কালাই, জয়পুরহাট।



Magazine