কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : আহলে বায়তের নামের শেষে ‘e’ বলা যাবে কি? কেউ কেউ এর পক্ষে ছহীহ বুখারীর ২০৮৯, ৩৭০৫, ৩৭১১, ৩৭৪৮ ও ৬৩১৮ নং হাদীছ উল্লেখ করেছেন।

উত্তর : সাধারণত নবীগণের নামের শেষে عَلَيْهِ السَّلَامُ বলা হয় এবং ছাহাবীগণের নামের শেষে رَضِيَ اللهُ عَنْهُ বলা হয়। কিন্তু বিভিন্ন হাদীছের পাতায় আলী, ফাতেমা, হুসাইন রাযিয়াল্লাহু আনহুম-এর নামের শেষে عَلَيْهِ السَّلَامُ এর ব্যবহার দেখা যায়। এটাক পুঁজি করে অনেকে অনেক বাড়াবাড়ি করে থাকেন। যেমন, শী‘আ সম্প্রদায় ও তাদের অনুসারীরা। অথচ নবীগণ, ছাহাবায়ে কেরাম, তাবেঈনে এযামসহ সকল মুমিনদের ক্ষেত্রে عَلَيْهِ السَّلَامُ বলা যেতে পারে। কেননা এমন কোনো দলীল পাওয়া যায় না যে, নির্দিষ্টভাবে শুধু আহলে বায়তের নামের পরেই عَلَيْهِ السَّلَامُ বলতে হবে। বরং তা সকল মুসলিমের ক্ষেত্রে বলা যাওয়ার পক্ষে দলীল রয়েছে। যেমন ছালাতের তাশাহুদে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সাথে সকল মুমিন ও সৎকর্মশীল বান্দার ক্ষেত্রে বলা হয়ে থাকে اَلسَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ ‘অর্থাৎ আমাদের মুছল্লীদের উপর এবং সকল সৎকর্মশীল বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক’ (ছহীহ বুখারী, হা/৮৩১)। সুতরাং আহলে বায়তের জন্য তা খাছ করা যাবে না। বরং সকল ছাহাবীর ক্ষেত্রেও عَلَيْهِ السَّلَامُ বলা যেতে পারে (মাজমূ‘ ফাতাওয়া ইবনে বায, ৬/৩৯৯ পৃ.)।

-মামুনুর রশীদ

কুষ্টিয়া সদর।


Magazine