কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : ভ্যানিলা এসেন্স যুক্ত খাবার কি হালাল?

উত্তর : হ্যাঁ! ভ্যানিলা এসেন্স যুক্ত খাবার খাওয়া হালাল। কেননা, বর্তমান বাজারে যে ভ্যানিলা পাওয়া যায়, তা মূলত ভ্যানিলা নামক গাছ হতে তৈরি আর ভ্যানিলা কোনো নেশা জাতীয় গাছ নয় এবং তা হারামও নয়। আর পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত হারাম বস্তু ব্যতীত সকল রুচিশীল খাদ্য হালাল। মহান আল্লাহ বলেন, ‘তারা জিজ্ঞেস করে যে, কী কী তাদের জন্য বৈধ করা হয়েছে? বলে দিন, তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হয়েছে (আল-মায়েদা, ৫/৪)। তবে ভ্যানিলা এসেন্স তৈরির সময় তাতে অতি সামান্য পরিমাণ এ্যালকহোল ব্যবহার করা হয় যা ব্যবহারে কোনো ধরনের নেশা বা মস্তিষ্ক বিকৃতি ঘটে না এবং তা বেশি পরিমাণ খেলেও তার কোনো বিরুপ প্রতিক্রিয়া হয় না। তাই তা খাবারের সাথে যুক্ত করাতে কোনো সমস্যা নেই। কেননা মদ বলা হয় যা খাওয়ার পর মস্তিষ্ককে বিকৃত করে দেয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মস্তিষ্ক বিকৃতকারী দ্রব্যই হারাম (ছহীহ বুখারী, হা/৪৩৪৩; ছহীহ মুসলিম, হা/৯৭৭)। যেহেতু ভ্যানিলা মস্তিষ্কের কোনো প্রকার বিকৃতি ঘটায় না। তাই তা খাবারে ব্যবহার করাতে কোনো সমস্যা নেই (ফতওয়া শাবাকাতুল ইসলাম, ৮/৪১৮৯)। তবে অবশ্যই ভ্যানিলা ক্রয়ের সময় কোম্পানির নাম ও পণ্যের শরীরে লিখিত সকল উপাদানের নাম পড়ে নিতে হবে।

-সামি উজ্জামান

কান্দিভিটা নাটোর।


Magazine