উত্তর : আওয়াল ওয়াক্তে ফরজ ছালাত আদায়ের জন্য মোবাইল বা ক্যাসেটে রেকর্ডকৃত আযান যথেষ্ট নয়। বরং ফরয ছালাতের জন্য সরাসরি মুয়যযিনের মাধ্যমে আযান দিতে হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা ছালাত আদায় কর সেভাবে, যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ। অতএব ছালাতের সময় হলে তোমাদের মধ্যে একজন আযান দিবে। এরপর তোমাদের মধ্যে যে বয়সের বড় সে ইমামতি করবে’ (ছহীহ বুখারী, হা/৬২৮, ৬৩১, ৬৫৮; ছহীহ মুসলিম, হা/৬৭৪; মিশকাত, হা/৬৮৩)। তাছাড়া আযান একটি ইবাদত। যার সাথে অনেক ফযীলত জড়িত। যন্ত্রের সাহায্যে আযান দেয়া হলে ফযীলত থেকে বঞ্চিত হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ক্বিয়ামতের দিন মুওয়াযযিনের গর্দান সব মানুষের চেয়ে লম্বা ও উঁচু হবে’ (মুসলিম, হা/৩৮৭; মিশকাত, হা/৬৫৪)। অন্য হাদীছে বলেন, ‘মুওয়াযযিনের আযান মানুষ ও জিনসহ যে কেউই শ্রবণ করবে, সেই ক্বিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে’ (বুখারী, হা/৬০৯; মিশকাত, হা/৬৫৬)। উল্লেখ্য যে, যদি কেউ এমন কোন এলাকাতে বসবাস করে যেখানে আউয়াল ওয়াক্তে আযান দেওয়া হয় না; কিংবা উক্ত এলাকা থেকে আযান শোনা যায় না। তাহলে সে ব্যক্তি ছালাতের সময় হলে আউয়াল ওয়াক্তে ইক্বামত দিয়ে ছালাত আদায় করে নিবে।
-মনিরুজ্জামান মনির
আশুলিয়া, সাভার, ঢাকা।
