রামাযান মুসলিম উম্মাহর জন্য এক বরকতময় মাস। এ মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ছিয়াম পালন করা হয়। ছিয়াম শুধু ইবাদতই নয়; সঠিকভাবে পালন করলে এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী। এতে হজমশক্তি উন্নত হয়, অতিরিক্ত চর্বি কমে এবং ধৈর্য ও আত্মসংযম বৃদ্ধি পায়। তবে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে দুর্বলতা, অ্যাসিডিটি বা হজমের সমস্যাও দেখা দিতে পারে। তাই রামাযানে খাবারের ধরন, পরিমাণ ও সময়ের প্রতি সচেতন থাকা জরুরী।
রামাযানে খাবারের সময়:
রামাযানে সাহরী ও ইফতার—এই দুই সময়ের খাবারই মূল। এ সময় সঠিক খাবার গ্রহণ করলে সারাদিন শরীর শক্তি ও সতেজতা ধরে রাখতে পারে।
ইফতারে স্বাস্থ্যকর খাবার:
সারাদিন ছিয়ামের পর ইফতারে সহজপাচ্য ও পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন।
- খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করা উত্তম।
- মৌসুমি ফল, ফলের রস, দই, ছোলা, চিড়া, মুড়ি ইত্যাদি হালকা খাবার শরীরের জন্য উপকারী।
- ভাজাপোড়া ও অতিরিক্ত মিষ্টি কম খাওয়া ভালো, কারণ এগুলো হজমে সমস্যা ও ওযন বৃদ্ধি করতে পারে।
সাহরীতে কী খাবেন:
সাহরী দীর্ঘ সময়ের ছিয়ামের জন্য শক্তি জোগায়, তাই পুষ্টিকর খাবার বেছে নেওয়া দরকার।
- শস্যদানা, নন-রিফাইনড আটা, ঢেঁকিছাঁটা চালের মতো কমপ্লেক্স কার্বোহাইড্রেট দীর্ঘ সময় শক্তি দেয়।
- মাছ, মাংস, ডিম বা ডাল প্রোটিনের ভালো উৎস।
- সবজি ও আঁশযুক্ত ফল হজমে সহায়ক এবং শরীরকে প্রয়োজনীয় ভিটামিন দেয়।
- চা বা ক্যাফেইনজাতীয় পানীয় কম গ্রহণ করা উচিত, কারণ এগুলো শরীর থেকে পানি কমিয়ে দেয়।
পানি ও বিশ্রামের গুরুত্ব:
দীর্ঘ সময় উপবাসে শরীরে পানির ঘাটতি তৈরি হতে পারে।
- সাহরীর পর ৩–৪ গ্লাস পানি পান করুন।
- ইফতার থেকে সাহরী পর্যন্ত ধীরে ধীরে ৭–৮ গ্লাস পানি গ্রহণ করা ভালো। পর্যাপ্ত পানি ডিহাইড্রেশন ও কোষ্ঠকাঠিন্য কমায় এবং শরীরকে সতেজ রাখে।একই সঙ্গে প্রতিদিন ৫–৭ ঘণ্টা ঘুম শরীরকে কর্মক্ষম রাখে এবং ছিয়াম পালন সহজ করে।
স্বাস্থ্য সমস্যা থাকলে করণীয়:
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগ থাকলে ছিয়াম রাখার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী। প্রয়োজন অনুযায়ী খাদ্যাভ্যাস ও ওষুধের মাত্রা সমন্বয় করতে হবে।
স্বাস্থ্যকর ছিয়ামের মূল নির্দেশনা:
- খাবারের পরিমাণ পরিমিত রাখা।
- ভাজাপোড়া ও অতিমিষ্টি কম খাওয়া।
- পর্যাপ্ত পানি পান করা।
- প্রোটিন ও কমপ্লেক্স কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার নির্বাচন।
- পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি বজায় রাখা।
সঠিক খাদ্যাভ্যাস ও নিয়ম মেনে ছিয়াম রাখলে শরীর ও মন সুস্থ থাকে। এতে আল্লাহর নৈকট্য অর্জনের পাশাপাশি জীবনে শৃঙ্খলা, ধৈর্য ও ইতিবাচকতা গড়ে ওঠে। সুস্থ ও সচেতনভাবে ছিয়াম পালন করলে রামাযান হয়ে উঠতে পারে আত্মশুদ্ধি ও সুস্থ জীবনের এক অনন্য সুযোগ।
ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
চিকিৎসক, কলাম লেখক ও গবেষক; প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।
