কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কাঁচা আমের উপকারিতা ও সতর্কতা

post title will place here

গ্রীষ্ম এলেই গাছের পাতার ফাঁকে ফাঁকে দেখা দেয় কাঁচা আম। কাঁচা আমের নাম শুনলেই অনেকের জিভে পানি চলে আসে। এটি শুধু স্বাদের জন্যই জনপ্রিয় নয়, পুষ্টিগুণেও ভরপুর একটি ফল। বৈশাখ মাস থেকে বাজারে কাঁচা আমের সমারোহ শুরু হয়। গরমের দিনে কাঁচা আম দিয়ে তৈরি শরবত, আমপোড়া, আম পান্না কিংবা খাবারের শেষে টক-মিষ্টি চাটনি বাঙালির রসনায় এনে দেয় বিশেষ স্বাদ। আম দিয়ে ডাল, ভর্তা, আচারসহ নানা পদও তৈরি করা হয়।

কাঁচা আম বিভিন্ন পুষ্টি উপাদানের গুরুত্বপূর্ণ উৎস। এতে রয়েছে ভিটামিন, মিনারেল, খাদ্যআঁশ (ডায়েটারি ফাইবার) ও ক্যারোটিনয়েড। বিশেষ করে কাঁচা আম দিয়ে তৈরি আম পান্না গরমে হিটস্ট্রোক প্রতিরোধে সহায়ক বলে মনে করা হয়। ভিটামিন সি–এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। আবার ক্যালোরি তুলনামূলক কম থাকায় কাঁচা আম বিপাকক্রিয়া সক্রিয় রাখতে ভূমিকা রাখে।

পুষ্টিবিদদের মতে, কাঁচা আম বা আমের শরবতে থাকা পটাশিয়াম গরমের দিনে শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে। প্রায় ১০০ গ্রাম কাঁচা আমে থাকে প্রায় ৪৪ ক্যালরি শক্তি, প্রায় ৫৪ মিলিগ্রাম ভিটামিন সি এবং প্রায় ২৭ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম।

কাঁচা আমের পুষ্টিগুণ:

কাঁচা আমে ভিটামিন সি, কে, এ, বি–৬, ফোলেটসহ নানা ধরনের পুষ্টি উপাদান রয়েছে। এছাড়া এতে ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামও পাওয়া যায়। অন্যান্য অনেক ফলের তুলনায় কাঁচা আমে চিনি কম থাকে। তাই ডায়েট করা ব্যক্তিরা কিংবা ডায়াবেটিস রোগীরাও পরিমিত পরিমাণে এটি খেতে পারেন।

কাঁচা আমের উপকারিতা:

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: কাঁচা আমে প্রচুর ভিটামিন সি রয়েছে, যা অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। এটি শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়ায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। এতে থাকা বিটা ক্যারোটিন হৃদরোগের ঝুঁকি কমাতেও সহায়ক।

ওযন নিয়ন্ত্রণে সহায়ক: যারা ওযন কমাতে চান, তাদের জন্য কাঁচা আম উপকারী হতে পারে। পাকা আমের তুলনায় এতে চিনি কম থাকায় অতিরিক্ত ক্যালোরি গ্রহণের আশঙ্কাও কম।

অম্লতা কমায়: বুক জ্বালাপোড়া বা অম্লতার সমস্যায় কাঁচা আম কিছুটা স্বস্তি দিতে পারে। অল্প পরিমাণ কাঁচা আম খেলে অনেক সময় অম্লতার উপসর্গ কমে।

বমি ভাব দূর করতে সাহায্য করে: বিশেষ করে সকালে বমি বমি ভাব হলে কাঁচা আম উপকারী হতে পারে। অনেক অন্তঃসত্ত্বা নারীও এই কারণে অল্প কাঁচা আম খেয়ে থাকেন।

ঝিমুনি দূর করে: গরমের দিনে দুপুরের খাবারের পর অনেকের ঝিমুনি আসে। কাঁচা আমে থাকা পুষ্টি উপাদান শরীরে কিছুটা সতেজতা এনে দিতে পারে।

যকৃতের স্বাস্থ্যে সহায়ক: কাঁচা আম চিবিয়ে খেলে পিত্তরস নিঃসরণ বাড়তে পারে, যা যকৃতের কার্যকারিতা ভালো রাখতে সহায়ক বলে মনে করা হয়।

ঘামাচি ও সানস্ট্রোক প্রতিরোধে সহায়ক: গরমের দিনে কাঁচা আম খেলে শরীর কিছুটা ঠাণ্ডা থাকে। এজন্য অনেকেই মনে করেন এটি সানস্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

রক্তস্বল্পতায় সহায়ক: কাঁচা আমে কিছু পরিমাণ লৌহ বা আয়রন থাকে, যা রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক হতে পারে।

হজমে সহায়তা করে: কাঁচা আড৪চকমে থাকা খাদ্যআঁশ হজম প্রক্রিয়াকে সক্রিয় রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

শরীরে লবণের ঘাটতি পূরণে সহায়ক: গরমে অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে কিছু লবণ বের হয়ে যায়। কাঁচা আমের শরবত এই ঘাটতি কিছুটা পূরণ করতে পারে।

হার্টের স্বাস্থ্যে উপকারী: কাঁচা আমে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে, যা রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এতে থাকা ম্যাঙ্গিফেরিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হৃদস্বাস্থ্যের জন্য উপকারী বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

স্কার্ভি প্রতিরোধে সহায়ক: ভিটামিন সি–সমৃদ্ধ হওয়ায় কাঁচা আম স্কার্ভি প্রতিরোধে সাহায্য করতে পারে এবং মাড়ি থেকে রক্ত পড়া কমাতে ভূমিকা রাখে।

চুল ও ত্বকের যত্নে সহায়ক: অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ হওয়ায় কাঁচা আম চুল ও ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করতে পারে।

কীভাবে খাবেন:

গরমের দিনে কাঁচা আমের শরবত, আমপোড়া, চাটনি, ডাল, ভর্তা ইত্যাদি তৈরি করে খাওয়া যায়। এছাড়া দীর্ঘদিন সংরক্ষণের জন্য কাঁচা আম দিয়ে আচারও বানানো হয়।

সতর্কতা:

কাঁচা আম যতই উপকারী হোক, অতিরিক্ত খাওয়া উচিত নয়। অনেকেই কাঁচা আমের টক স্বাদ কমাতে এতে অতিরিক্ত চিনি, লবণ বা ঝাল মেশান। এতে শরীরে অতিরিক্ত লবণ ও চিনি প্রবেশ করতে পারে, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। এছাড়া আমে ইউরুশিয়াল নামের একটি রাসায়নিক উপাদান থাকে, যা কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জি বা পেট ফাঁপার সমস্যা সৃষ্টি করতে পারে।

তাই কাঁচা আম পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো।

ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

 চিকিৎসক, কলাম লেখক ও গবেষক; প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।

Magazine