কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১): অনেক সময় বেশি দীর্ঘ ছালাত আদায়ের জন্য তারাবীহর ছালাত বাড়িতেই আদায় করা হয়। এতে বাড়ির লোক আমাকে বকাবকি করে। এভাবে তারাবীহর ছালাত জামাআতে আদায় না করলে কি পাপ হবে?

উত্তর: ফরয় ছালাত ব্যতীত অন্য যেকোনো ছালাতগুলো বাড়িতে আদায় করাই উত্তম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘হে লোকেরা! তোমরা তোমাদের ঘরেই ছালাত আদায় করো। কেননা ফরয ছালাত ছাড়া লোকেরা ঘরে যে ছালাত আদায় করে তা-ই উত্তম’ (ছহীহ বুখারী, হা/৭৩১)। তারাবীহর ছালাতের জন্য লোকজন একত্রিত হলেও ফরয হওয়ার আশঙ্কায় তৃতীয় বা চতুর্থ রাতে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হননি (ছহীহ বুখারী, হা/১১২৯)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হলো, কোন ছালাত উত্তম? আমার ঘরে আদায় করা ছালাত নাকি মসজিদের ছালাত? তিনি বলেন, ‘তুমি কি আমার ঘর দেখ না, তা মসজিদের কত নিকটে? তা সত্ত্বেও আমার মসজিদে ছালাত পড়া অপেক্ষা আমার ঘরে ছালাত পড়া আমার নিকট অধিক প্রিয়। কিন্তু ফরয ছালাত হলে (তা মসজিদে পড়বে)’ (ইবনু মাজাহ, হা/১৩৭৮)।

প্রশ্নকারী : রাফিউল ইসলাম

টাঙ্গাইল।


Magazine