কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : কয়েকজন মহিলা কোন স্থানে একত্রিত হলেই শাশুড়ি, বাড়ীওয়ালা, প্রতিবেশী ইত্যাদি ব্যক্তি সম্পর্কে ভালোর পাশাপাশি কিছু মন্দ বিষয়ও আলোচনা করে ফেলে। পরক্ষণে মনে করে গীবত হয়ে গেল। কিন্তু গীবত করেছি বলে ক্ষমা চাইতেও খুব শরম লাগে। এমন পরিস্থিতিতে সাধারণভাবে ক্ষমা চাইলে কি ক্ষমা হবে? আর এ পাপ থেকে বাঁচার উপায় কী?

উত্তর : গীবত একটি কাবীরা গুনাহ। গীবত বলা হয় পশ্চাতে কোন মুসলিম ভাইয়ের এমন দোষ-ত্রুটি বর্ণনা করা যা শুনলে সে কষ্ট পাবে। গীবতের মাধ‍¨মে সমাজে ঝগড়া-বিবাদ, হানাহানি-মারামারি ইত্যাদির জন্ম হয়। গীবতের নিন্দা করে আল্লাহ তা‘আলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা পাপ। আর কারো গোপনীয় বিষয় অনুসন্ধান কর না। আর তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা পসন্দ করবে? বস্ত্ততঃ তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু’ (হুজুরাত, ১২) আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, ‘একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে প্রশ্ন করা হলো, গীবত কী? তিনি বললেন, ‘তোমার ভাইয়ের ব্যাপারে তোমার এমন কিছু বলা, যা সে অপসন্দ করে’। বলা হল, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে বর্তমান থাকে? তিনি বললেন, ‘তুমি যা বল তা যদি তার মধ্যে থাকে তাহলেই তুমি তার গীবত করলে। আর তুমি যা বল তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে’ (ছহীহ মুসলিম, হা/২৫৮৯; আবুদাঊদ, হা/৪৮৭৬; মিশকাত, হা/৪৮২৮)। তাই গীবতের মত জঘন্যতম অপরাধ থেকে নিজেকে সংযত রাখা যরূরী। তারপরেও যদি কখনো শয়তানের প্ররোচনায় পড়ে গীবত হয়ে যায় তাহলে ক্ষমা চাওয়ার কয়েকটি পদ্ধতি আছে। সরাসরি যার গীবত করেছে তার থেকে মাফ চাইবে। সেটা প্রশ্নোল্লিখিত কথা অনুযায়ী সাধারণভাবে মাফ চাইলেও হবে। তবে সেক্ষেত্রে সম্ভবপর সেই ব্যক্তির প্রশংসা করার চেষ্টা করতে হবে। বিশেষ করে যাদের সামনে তার গীবত করেছিল তাদের সামনে তার প্রশংসা করবে। এরপরে আল্লাহ রাববুল ‘আলামীনের কাছে একনিষ্ঠভাবে তওবা করে এ পাপ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ও সংকল্প করতে হবে।

আর এ পাপ থেকে বাঁচার উপায় হল, জিহবা বন্ধ রাখা এবং বাড়ীর বাইরে না যাওয়া। উক্ববা ইবনু আমের রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহ্র রাসূল! পরিত্রাণের পথ কী? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি তোমার জিহবাকে বন্ধ রাখ, বাড়ীকে প্রশস্ত বানিয়ে নাও (বাড়ীর বাইরে যেও না) এবং ভুলের জন্য কান্না কর’ (তিরমিযী, হা/২৪০৬; মিশকাত, হা/৪৮৩৭)।

- নাহরিন বানু এশা

বাগানপাড়া, নামোশংকরবাটি, চাঁপাই নবাবগঞ্জ।


Magazine