কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০): কবরের সওয়াল-জবাব কখন শুরু হয়? অনেক সময় দেখা যায়, কেউ বিদেশে মারা গেলে অথবা অন্য কোনো কারণে হাসপাতালে লাশ ফ্রিজিং করে রেখে দীর্ঘদিন পরে তার জানাযা ও দাফন সম্পন্ন হয়। তাহলে তার কবরের সওয়াল-জবাব কি পরেই করা হবে?

উত্তর: মৃত ব্যক্তিকে তার সঙ্গীরা কবরে রেখে ফিরে যাওয়ার পর কবরের সওয়াল-জবাব শুরু হয়। এমনকি কাউকে কবরস্থ করতে বিলম্ব হলেও তাকে কবরস্থ করার পরেই সওয়াল-জবাব করা হয়। আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয়ই বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা সেখান থেকে ফিরে যায়, এমনকি সে তাদের জুতার শব্দও শুনতে পায়; তখন তার কাছে দুজন ফেরেশতা আসে। অতঃপর তারা তাকে বসায় এবং তাকে জিজ্ঞেস করে…’ (ছহীহ বুখারী, হা/১৩৩৮; ছহীহ মুসলিম, হা/২৮৭০)। তবে যারা ডুবে বা পুড়ে মারা যায় এবং যাদেরকে হিংস্র জন্তু খেয়ে ফেলে, তাদের প্রত্যেকের সওয়াল-জবাব হয় এবং আমল অনুযায়ী আযাব বা নেয়ামত লাভ করে, সেই সময় ও পদ্ধতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন (ফাতাওয়া নূর আলাদ-দারব, ৪/৩০৪)।

প্রশ্নকারী : মিজানুর রহমান ভূইয়াঁ

ময়মনসিংহ সেনানিবাস।

Magazine