কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১): ইসলামে কোন ধরনের খেলাধুলা শর্তহীনভাবে জায়েয?

উত্তর: ইসলামে এমন খেলাধুলা জায়েয, যা আল্লাহর পথে জিহাদে সহায়ক, তা হাত দ্বারা জিহাদ (যুদ্ধ) হোক কিংবা জিহাদ বিল-লিসান (জ্ঞান ও দাওয়াহ) হোক। যেমন- সাঁতার কাটা, তীর নিক্ষেপ, ঘোড়ায় চড়া। আর এমন খেলাধুলাও এর অন্তর্ভুক্ত, যা শারঈ জ্ঞান ও সংশ্লিষ্ট উপকারী জ্ঞানসমূহের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করে। সালামা ইবনুল আকওয়া রাযিয়াল্লাহু আনহু বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল আসলাম গোত্রের লোকদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তারা তীর নিক্ষেপে প্রতিযোগিতা করছিল। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হে বনী ইসমাঈল! তোমরা তীর নিক্ষেপ করো। কেননা তোমাদের পিতা ছিলেন একজন তিরন্দাজ। তোমরা নিক্ষেপ করো, আমি অমুক দলের সঙ্গে আছি’। সালামা রাযিয়াল্লাহু আনহু বলেন, তখন দুই দলের এক দল হাত গুটিয়ে নিল। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমাদের কী হয়েছে, তোমরা তীর নিক্ষেপ করছ না কেন?’ তারা বলল, আপনি যেহেতু তাদের সঙ্গে আছেন, আমরা কীভাবে নিক্ষেপ করব? তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমরা নিক্ষেপ করো, আমি তোমাদের সকলের সঙ্গেই আছি’ (ছহীহ বুখারী, হা/২৪৪৯)। উক্ববা ইবনু আমির রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা তীর নিক্ষেপ করো এবং অশ্বারোহণ করো। তবে তোমাদের তীর নিক্ষেপ করাই আমার কাছে অশ্বারোহণের চেয়ে অধিক প্রিয়’। আর তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মানুষ যে সব বিষয়ে বিনোদন করে, তার সবই অনর্থক; তবে ব্যতিক্রম হলো মানুষের নিজের ধনুক দ্বারা তীর নিক্ষেপ করা, নিজের ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া এবং নিজের পরিবারের সঙ্গে আনন্দ-কৌতুক করা। কারণ এগুলো সত্য ও ন্যায়ের অন্তর্ভুক্ত’ (মুসনাদে দারেমী, হা/২৪৪৯)।

প্রশ্নকারী : সাহেদ আব্দুল্লাহ

সৈয়দপুর, নীলফামারী।

Magazine