২০১৫ সাল থেকে কমপক্ষে ৬ হাযার ফিলিস্তীনি শিশুকে আটক করেছে ইসরাঈলি কর্তৃপক্ষ। ফিলিস্তীনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন নামে একটি বেসরকারি সংস্থা এই তথ্য প্রকাশ করেছে। ফিলিস্তীনি শিশু দিবস উপলক্ষে এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আটককৃত শিশুদের ৯৮ শতাংশই বন্দি অবস্থায় শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হয়েছে। সংস্থাটির দাবি প্রথমে গুলি করে আহত করার পর শত শত ফিলিস্তীনি শিশুকে আটক করেছে ইসরাঈলি কর্তৃপক্ষ। রামাল্লাহভিত্তিক কারাবন্দি বিষয়ক ফিলিস্তীনি কর্তৃপক্ষের কমিটির তথ্য অনুযায়ী বর্তমানে ইসরাঈলের কারাগারে বন্দি রয়েছে রয়েছে প্রায় ৫ হাযার সাতশো ফিলিস্তীনি। এদের মধ্যে ৪৮ নারী ও ২৫৯ জন শিশু রয়েছে।
বেসরকারি সংস্থা ফিলিস্তীনি প্রিজনার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী দখলকৃত পূর্বজেরুজালেমের শিশুরাই সবচেয়ে বেশি ইসরাঈলি বাহিনীর লক্ষ্যবস্ত্ত হয়েছে। উত্তেজনা চরমে পৌঁছালে এখানকার শত শত শিশু প্রতিমাসে অন্তত একবার গ্রেফতারের ঝুঁকিতে থাকে। বিবৃতিতে বলা হয়েছে, রাতের বেলা চালানো অভিযানে শিশুদের আটক করে জিজ্ঞাসাবাদ ও আটককেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। ঘণ্টার পর ঘণ্টা তাদের খাবার ও পানি বঞ্চিত করে রাখা হয়। শিশুদের জিজ্ঞাসাবাদের সময় একজন অভিভাবকের উপস্থিতির অধিকার প্রায়ই লঙ্ঘন করা হয়।
