কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ছিয়াম রাখায় চীনে মুসলিম নির্যাতন!

রহমতের মাস রামাযান। এ মাসে মুসলিম ছাড়া অন্য ধর্মের লোকেরাও সংযম পালন করে। অথচ পূর্ব এশিয়ার বৃহত্তম দেশ চীন দেশটির সংখ্যালঘু মুসলিমদের ওপর শুরু করেছে দমনপীড়ন ও চরম নির্যাতন। ছিয়াম রাখার অপরাধে দেশটির মুসলিম অধ্যুষিত প্রধান অঞ্চল জিনজিয়াং প্রদেশে নিরীহ মুসলিমদের ওপর চলছে চরম দমনপীড়ন ও নির্যাতন। চীনের মুসলিমদের ছিয়াম রাখার পাশাপাশি দাড়ি রাখা, নারীদের মাথায় কাপড় দেয়া, নিয়মিত ছালাত আদায় এবং অ্যালকোহল এড়িয়ে চলাসহ ধর্মীয় বিষয়গুলোকে চীন কর্তৃপক্ষ চরমপন্থা হিসাবে চিহ্নিত করেছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের এক রিপোর্ট প্রকাশ করে।

উইঘুর বুলেটিনে কাজ করা উইঘুর মিডিয়া অ্যাক্টিভিস্ট অ্যালিপ এরকিন জানান, কয়েক দশক ধরে স্কুল এবং সরকারি দফতরগুলোতেও রামাযান মাসে ছিয়াম রাখার বিষয়ে বিধি-নিষেধ আরোপ করে আসছে কর্তৃপক্ষ। আর গত তিন বছরে মুসলিমদেরকে ইসলামি ঐতিহ্য থেকে দূরে রাখতে তাদের বাড়ীতে গণ-নযরদারি ও আটকের মাত্রা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে জিনজিয়াং প্রদেশের বিভিন্ন কারাগারে ১২ লাখেরও বেশি মুসলিম আটক রয়েছে। শুধু তাই নয়, ২০১৬ সালের পর থেকে গত তিন বছরে চীনের জিনজিয়াং প্রদেশে প্রায় ৩১টি মসজিদ ধ্বংস করেছে দেশটির প্রসাশন। তাছাড়া এই অঞ্চলের বেশ কয়েকটি ইসলামি স্থাপনাকে আংশিকভাবেও ধ্বংস করা হয়েছে।


Magazine