উত্তর : না, এমন পদ্ধতির শারঈ কোন ভিত্তি নেই। বরং অপবিত্র কাপড় পবিত্র করার জন্য ভালভাবে একবার ধৌত করাই যথেষ্ট হবে। লুবাবা বিনতু হারেছ রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, হুসাইন ইবনু আলী রাযিয়াল্লাহু আনহু রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোলে ছিলেন এবং তিনি তাঁর কাপড়ে পেশাব করে দেন। তখন আমি বললাম, অন্য কাপড় পরুন এবং আমাকে আপনার কাপড়টা দিন আমি তা ধৌত করে দিই। তিনি বললেন, ‘মেয়েদের পেশাবের কারণে ধৌত করতে হয় এবং ছেলেদের পেশাবে পানি ছিটিয়ে দিতে হয়’ (আবুদাঊদ, হা/৩৭৫; ইবনু মাজাহ, হা/৫২২; মিশকাত, হা/৫০১)। আবুদাঊদ ও নাসাঈর অপর বর্ণনায় আবুস সামাহ হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, মেয়ে শিশুদের পেশাব ধৌত করতে হয় এবং ছেলে শিশুদের পেশাবে পানি ছিটিয়ে দিতে হয় (আবুদাঊদ, হা/৩৭৬; নাসাঈ, হা/৩০৪; মিশকাত, হা/৫০২)। তবে প্রত্যেকটি কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলতে হয় মর্মে কাপড় ধোয়ার শুরুতে তা বলা যেতে পারে।
-শোয়াইব
ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
