উত্তর : না, যাবে না। কেননা একজন কুরআন পড়বে আর আরেকজনের নামে বখশিয়ে দিবে এমন আমল রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবায়ে কেরাম ও তাবেঈগণ থেকে প্রমাণিত নয়। অতএব এটি উজ্জ্বল শরী‘আতে স্পষ্ট বিদ‘আত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি এমন আমল করল যার উপর আমার নির্দেশ নেই সেটি প্রত্যাখ্যাত’ (মুসলিম, হা/১৭১৮)। তবে মৃত ব্যক্তির জন্য দু‘আ করা ও ছাদাক্বা করা যাবে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার মা হঠাৎ মারা গিয়েছেন। আমার ধারণা, তিনি যদি কিছু বলার সুযোগ পেতেন কিছু দান করতেন। এখন আমি যদি তাঁর পক্ষ হতে দান করি, তিনি তার নেকি পাবেন কি? রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হ্যাঁ’ (বুখারী, হা/১৩৮৮; মুসলিম, হা/১০০৪; মিশকাত, হা/১৯৫০; ফিক্বহুস সুন্নাহ, ১/৩৯০)।
-আব্দুর রহীম
গোদাগাড়ী, রাজশাহী।
