কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : রেকর্ডকৃত কুরআন তেলাওয়াত শুনলে কি তেলাওয়াতকারী ও শ্রবণকারী উভয়েই নেকী পাবে?

উত্তর : রেকর্ডকৃত অবস্থায় কুরআনের তেলাওয়াত তার নিজস্ব স্থান থেকে সরে যায় বিষয়টি এমন নয়। বরং যে কোনো মাধ্যমে তেলাওয়াত হলেই তেলাওয়াতকারী ও শ্রবণকারী উভয়েই নেকী পাবে। মহান আল্লাহ বলেন,

وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوْا لَهُ وَأَنْصِتُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ

‘যখন কুরআন পাঠ করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো এবং নীরব নিশ্চুপ হয়ে থাকো, হয়তো তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ করা হবে’ (আল-আ‘রাফ, ৭/২০৪)। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কুরআনের একটি হরফ পড়বে, তার বিনিময়ে সে ১০টি নেকী পাবে। আমি বলছি না যে, الم একটি হরফ; বরং ‘আলিফ’ একটি হরফ, ‘লাম’ একটি হরফ, ‘মীম’ একটি হরফ’ (তিরমিযী, হা/২৯১০; সিলসিলা ছহীহা, হা/৩৩২৭; ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/১৪১৬; ছহীহ আল জামি’, হা/৬৪৬৯; সুনানে দারামী, হা/৩৩১১)। এই আয়াত ও হাদীছ থেকে প্রমাণিত হয় যে, যারা কুরআন তেলাওয়াত করবে ও শুনবে, তারা উভয়েই নেকী পাবে এবং তাদের প্রতি দয়া করা হবে। কেননা মহান আল্লাহ চুপ থেকে মনোযোগ সহকারে কুরআন তেলাওয়াত শোনার আদেশ করছেন।

-আলমগীর

পাটকেলঘাটা, সাতক্ষীরা।


Magazine