উত্তর : হ্যাঁ, এমন কোম্পানীতে চাকুরী করা যায়। কেননা কিস্তিতে ক্রয়-বিক্রয় জায়েয। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বারীরাকে মুক্ত করেছিলেন কিস্তির ভিত্তিতে টাকা পরিশোধের মাধ্যমে (ছহীহ বুখারী, হা/৪৩৬)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি বৈধ হওয়ার পক্ষে দলীলও পাওয়া যায়। তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আছ রাযিয়াল্লাহু আনহু-কে সৈন্যবাহিনী প্রস্তুত করার আদেশ করেছিলেন। ফলে তিনি বাকীতে দু’টি উটের বিনিময়ে একটি উট ক্রয় করেছিলেন’ (শারহুস সুন্নাহ, ৮/৭৪; হা/২০৬৫)। তবে কিস্তির ক্রয়-বিক্রয় যখন যুলুমের পর্যায়ে যাবে তখন তা জায়েয হবে না। তাছাড়া যদি এরূপ শর্ত থাকে যে, নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলে টাকার পরিমাণও বৃদ্ধি পাবে তাহলে সেখানে চাকুরী করা যাবে না। কেননা একে বলা হয় একের মধ্যে দুই বিক্রয়, যা সুস্পষ্ট হারাম। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বিক্রির মধ্যে দু’রকমের বিক্রয় হতে নিষেধ করেছেন (মুওয়াত্ত্বা মালেক, হা/২৪৪৪; তিরমিযী, হা/১২৩১; নাসাঈ, হা/৪৬৩২; মিশকাত, হা/২৮৬৮; বুলূগুল মারাম, হা/৭৮৬)।
নাজমুল
শেরপুর, বগুড়া।
