কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪): স্বপ্নের ব্যাখা করা যাবে কি? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরে বর্তমানে কারো কাছে স্বপ্নের ব্যাখা জানা যাবে কি? এমন কোনো বই আছে কি যাতে স্বপ্নের সঠিক ব্যাখা দেওয়া আছে?

উত্তর: (ক) স্বপ্নের ব্যাখ্যা করা জায়েয। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাহাবীদের স্বপ্নের বিবরণ শুনতেন এবং এর ব্যাখ্যা করতেন (ছহীহ বুখারী, হা/১৩৮৬)। (খ) যদি ভালো স্বপ্ন হয় তাহলে এমন ব্যক্তির কাছে তা প্রকাশ করা যাবে, যাকে স্বপ্নদ্রষ্টা পছন্দ করে এবং সে তার কল্যাণকামী (ছহীহ মুসলিম, হা/২২৬১)। হিংসুক ব্যক্তির কাছে ভালো স্বপ্নের বিবরণ প্রকাশ করা যাবে না (ইউসুফ, ১২/০৫)। বর্তমানেও কাউকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করা যাবে, তবে যাকে তাকে জিজ্ঞাসা করা যাবে না। কারণ স্বপ্নের ব্যাখ্যা করতে পারা আল্লাহ প্রদত্ত যোগ্যতা, এটা মেহনত করে অর্জন করা কঠিন। যেমন ইউসুফ আলাইহিস সালাম -এর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ‘এবং যাতে আমি তাকে (ইউসুফকে) শিক্ষা দিই স্বপ্নের ব্যাখ্যা’ (ইউসুফ, ১২/২১)। সুতরাং স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার পূর্বে ব্যক্তিকে ভালোভাবে যাচাই করতে হবে। এক্ষেত্রে বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারী, তাবেঈ মুহাম্মাদ বিন সীরীন রাহিমাহুল্লাহ -এর গুণাবলিকে মানদণ্ড হিসেবে রাখা যেতে পারে। আর যদি মন্দ স্বপ্ন হয়, তাহলে তা প্রকাশ করতে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং যেটা করণীয় তা বলে দিয়েছেন। সেটা হলো মন্দ স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর তাৎক্ষণিক বাম দিকে তিন বার থুথু ফেলা এবং শয়তান ও স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা (ছহীহ মুসলিম, হা/২২৬১)। (গ) এমন কোনো নির্দিষ্ট বই নেই যাতে স্বপ্নের ব্যাখ্যা লেখা আছে। তবে এমন বই পাওয়া যায় যাতে স্বপ্নের ব্যাখ্যাকারীদের বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যার বিবরণ রয়েছে। এসব স্বপ্ন ও তার ব্যাখ্যার সাথে নিজের স্বপ্নকে মেলানো যাবে না। কারণ স্থান, কাল ও পাত্রভেদে একই রকম স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে। মনে রাখতে হবে, স্বপ্ন কোনো দলীল নয়।


Magazine