কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : কাঠ ব্যতীত অন্য কিছু দ্বারা মিম্বার তৈরি করা যাবে কি?

উত্তর : কাঠ ব্যতীত টাইল্স বা ইট-সিমেন্ট বা অন্য কিছু দ্বারা মিম্বার তৈরি করা যাবে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে এ ধরনের মিম্বার ছিল না। বরং তিনি কাঠের মিম্বারের উপর দাঁড়িয়ে খুৎবা দিতেন। তাই সুন্নাত হলো কাঠ দ্বারা মিম্বার তৈরি করা এবং মিম্বারের তিনটি স্তর হওয়া। সাহল ইবনু সা‘দ আস-সা‘আদী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক আনছারী মহিলার নিকট লোক পাঠান। তার নাম সাহ্ল। এই মর্মে যে, তুমি তোমার কাঠমিস্ত্রী গোলামকে নির্দেশ দাও। সে যেন আমার জন্য একটি কাঠের আসন তৈরি করে। যার উপর বসে আমি জনগণের সাথে কথা বলব। ঐ মহিলা তার গোলামকে উক্ত মর্মে নির্দেশ দিলে সে ‘গাবার ঝাউ’ কাঠ দিয়ে তা তৈরি করে নিয়ে আসে। অতঃপর মহিলা তা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট পাঠিয়ে দেয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই স্থানে স্থাপন করার নির্দেশ দেন (ছহীহ বুখারী, হা/৯১৭; মিশকাত, হা/১১১৩)। অতএব ইট, পাথর ও টাইলস দ্বারা তৈরি মিম্বার সুন্নাতের পরিপন্থী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহও সেদিকেই ইঙ্গিত করেছেন (ছহীহ বুখারী, হা/৪৪৮)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বারের তিন স্তরে উঠে তিনবার ‘আমীন’ বলেছিলেন মর্মেও ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে (মুস্তাদরাক হাকেম, হা/৭২৫৬, সনদ ছহীহ)। অতএব মিম্বর তিন স্তরের বেশি করা সুন্নাতের বরখেলাফ (সিলসিলা ছহীহাহ, হা/৩৩৫, ১/৩৩৪ পৃঃ)। তাই ঐ সমস্ত আধুনিক মিম্বার ত্যাগ করে তিনস্তর বিশিষ্ট কাঠের মিম্বর তৈরি করে সুন্নাত প্রতিষ্ঠা করা উচিত।

-রাজিবুল ইসলাম

 জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine