কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮): আপেল শক্ত, বেদানার রক্ত, মিষ্টির ঝোল, গপাগপ তোল। চিড়িয়াখানার মেয়েরা হাফপ্যান্ট পরে, ছেলেদের দেখলে ডানচোখ মারে। ও ভাবি পিঠা কুড়াতে যাবি, পিঠা নিল চোরে, বর আসল ঘরে, বরের নাম জাব্বার, আল্লাহু আকবার। এলাকার শিশুরা এই ছন্দ বলে খেলাধুলা করে। এটা কি জায়েয?

উত্তর: উক্ত ছন্দ বলে খেলাধুলা করা হারাম। কারণ এতে শারঈ দৃষ্টিকোণ থেকে কয়েকটি সমস্যা রয়েছে- ১. আল্লাহর নাম নিয়ে উপহাস। জাব্বার আল্লাহর একটি নাম। আল্লাহর নাম নিয়ে উপহাস করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। ২. ‘আল্লাহু আকবার’ তাকবীর নিয়ে উপহাস। তাকবীর বলার বিশেষ ক্ষেত্র রয়েছে। যেখানে সেখানে তাকবীর বলা যায় না। আল্লাহর বড়ত্ব প্রকাশ করার উদ্দেশ্যে যথাযথ সম্মান ও গাম্ভীর্য বজায় রেখে তাকবীর পাঠ করতে হয়। অতএব, এটাকে খেলাধুলার ছন্দে অন্তর্ভুক্ত করা জায়েয নয়। ৩. মেয়েদের হাফপ্যান্ট পরা। এটা ইসলামের পর্দা ও হিজাব সংশ্লিষ্ট বিধানের সাথে সাংঘর্ষিক। ৪. মেয়েদের ডানচোখ মারা। এটা মূলত নারীদের শালীনতা ও লাজলজ্জা বিরোধী বাক্য। এরকম অশালীন ও কুরুচিপূর্ণ বাক্য ব্যবহার করা কখনোই জায়েয হতে পারে না। ৫. দেবর-ভাবি সম্পর্ককে রসালোভাবে উপস্থাপন করা। এতে পর্দার বিধানকে উপেক্ষা করা হয়েছে। উল্লেখ্য, শিশুদের খেলাধুলার প্রয়োজন আছে বলে এসব অশালীন ও কুরুচিপূর্ণ ছন্দ তাদের শূন্য মস্তিষ্কে গেঁথে দেওয়া ইসলামবিরোধী ব্যক্তিদের চক্রান্ত। এসব যেকোনোভাবে প্রতিহত করতে হবে। সুতরাং শিশুদের জন্য শরীআতসম্মত, শালীন, রুচিসম্মত ও শিক্ষামূলক ছন্দ রচনা করে তাদেরকে মুখস্থ করাতে হবে।

প্রশ্নকারী : নাহিদ আলী

সরদহ, চারঘাট, রাজশাহী।

Magazine