উত্তর : কুরবানীর গোশত সমান সমান তিন ভাগে ভাগ করা যরূরী নয়। আল্লাহ তা‘আলা বলেন, ‘...তোমরা তা থেকে খাও এবং যারা মানুষের দ্বারে দ্বারে চাইতে আসে না ও যারা আসে সবাইকে খাওয়াও’ (হজ্জ, ৩৬)। রাসূল (ছাঃ) প্রথমদিকে তিন দিনের বেশি কুরবানীর গোশত জমা রাখতে নিষেধ করেছিলেন। তারপরে যখন জমা রাখার অনুমতি দিলেন, তখন ছাহাবীগণ বলেছিলেন, আপনি তো তিন দিনের বেশি কুরবানীর গোশত খেতে নিষেধ করেছিলেন? তখন রাসূল (ছাঃ) বললেন, আমি তোমাদের নিষেধ করেছিলাম মূলত সেই বছরে গ্রাম থেকে অনেক অভাবী লোক তোমাদের কাছে আসার কারণে। এখন যেহেতু সেই পরিস্থিতি নেই, অতএব তোমরা খাও, জমা রাখ এবং দান কর (ছহীহ মুসলিম, হা/১৯৭১)। আয়াতে নিজে খেতে বলা হয়েছে এবং দুই শ্রেণির লোককে দিতে বলা হয়েছে। আর হাদীছে পরিস্থিতি অনুযায়ী দান করতে বলা হয়েছে। অতএব যদি এলাকায় অভাবীদের সংখ্যা বেশি থাকে, তাহলে নিজে খাওয়ার তুলনায় দানের হার বেশি থাকতে হবে। আর যদি এলাকায় অভাবীদের সংখ্যা কম থাকে, তাহলে নিজের ইচ্ছামত খাওয়া বা দান করা যেতে পারে।
-সাকিবুল হাসান
আত্রাই, নওগাঁ।
