কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : জনৈক ব্যক্তি এশা ছালাত আদায়ের পূর্বে ঘুমিয়ে গেছেন। কিন্তু যখন ঘুম ভাঙছে তখন ফজরের আযান হয়ে গেছে। এমন সময় তার করণীয় কী?

উত্তর : প্রথমত, এশা ছালাতের পূর্বে ঘুমানো অনুচিত (ছহীহ বুখারী, হা/৫৪৭; ছহীহ মুসলিম, হা/৬৪৭)। দ্বিতীয়ত, কেউ যদি কোন ছালাত না পড়ে ঘুমিয়ে যায়, তাহলে ঘুম ভাঙ্গার সাথে সাথে তা আদায় করে নিতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ছালাত না পড়ে ঘুমিয়ে গেল বা বেখেয়াল হয়ে গেল, স্মরণ হওয়ার সাথে সাথে সে যেন তা পড়ে নেয়। কারণ আল্লাহ বলেছেন, ‘তোমরা আমার স্মরণের জন্য ছালাত আদায় কর’ (ত্বো-হা, ১৪) (ছহীহ মুসলিম, হা/৬৮০ ও ৬৮৪)। সুতরাং এই অবস্থায় তার করণীয় হল, প্রথমে এশার ছালাত আদায় করা। অতঃপর ফজরের ছালাত আদায় করা। খন্দক যুদ্ধের দিন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ছাহাবীদের যোহর ও আছরের ছালাত ক্বাযা হয়ে মাগরিব হয়ে যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাযিয়াল্লাহু আনহু-কে আদেশ দিলেন। তিনি ইক্বামত দিলে প্রথমে যোহরের ছালাত আদায় করলেন। অতঃপর আছরের ইক্বামত দিয়ে আছরের ছালাত আদায় করলেন। অতঃপর মাগরিবের ইক্বামত দিয়ে মাগরিবের ছালাত আদায় করলেন (মুসনাদে আহমাদ, হা/১১৪৮৩; নাসাঈ, হা/৬৬২)।

- জুঁই

ফুলবাড়িয়া, ময়মনসিংহ।


Magazine