অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইবরাহীমি মসজিদে চলতি বছরের প্রথম ছয় মাসে ২৯৪ বার আযান নিষিদ্ধ করেছে দখলদার ইসরাঈলি বাহিনী। এছাড়া মসজিদের বাইরে একটি প্রাচীন জলপাই গাছ কেটে ফেলেছে ইসরাঈলি বসতি স্থাপনকারীরা। এমনকি গত এপ্রিলে ইয়াহূদীদের পাসওভার পালনের জন্য ইসলামের অন্যতম পবিত্র এই স্থানটি মুসলিম প্রার্থনাকারীদের জন্য বন্ধ করে দেয়া হয়। ইসরাঈলি কর্তৃপক্ষ বিভিন্ন কারণ দেখিয়ে গত ছয় মাসে ২৯৪ ঘণ্টা ইবাদত নিষিদ্ধ করে। এছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষে টানা কয়েকদিন জোরপূর্বক মসজিদটি বন্ধ রাখা হয়।
ইবরাহীম (আঃ)-এর স্মৃতি বিজড়িত মসজিদটি ইয়াহূদী এবং মুসলিমদের পবিত্র স্থান। বিশ্বাস করা হয়, এখানে নবী ইবরাহীম (আঃ) ও ইয়াকুব (আঃ)-কে দাফন করা হয়েছে। উল্লেখ্য, এই পবিত্র স্থানটিকে ভাগ করে এক অংশে সিনাগগ প্রতিষ্ঠা করেছে ইয়াহূদীরা। তাদের দাবি এটা প্যাট্রিয়ার্কের গুহা।
