উত্তর : অন্যের গৃহে প্রবেশের ক্ষেত্রে প্রথমে সালাম দিয়ে পরে প্রবেশের জন্য অনুমতি চাইতে হবে। এটাই শারঈ বিধান। কালাদাহ ইবনু হাম্বাল রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নিশ্চয় ছাফওয়ান ইবনু উমাইয়্যা রাযিয়াল্লাহু আনহু কিছু দুধ, ছোট একটি হরিণ শাবক ও কিছু ক্ষিরা/শশা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট পাঠালেন। এমতাবস্থায় নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উচ্চ প্রান্তে ছিলেন। কালাদাহ রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি তাঁর কাছে প্রবেশ করলাম, কিন্তু তাঁকে সালাম প্রদান করলাম না এবং অনুমতিও চাইলাম না। তখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ফিরে যাও এবং বল, ‘আস-সালামু আলাইকুম’ আমি কি প্রবেশ করতে পারি? (তিরমিযী, হা/২৬৩৪; আবু দাঊদ, হা/৫১৭৬; ছহীহ আদাবুল মুফরিদ, হা/১০৮; মিশকাত, হা/৪৬৭১)। তবে নিজ গৃহে প্রবেশের ক্ষেত্রে প্রথমে সালাম দেওয়াই যথেষ্ট। অনুমতি যরূরী নয়। আল্লাহ তা‘আলা বলেন, তবে যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে অভিবাদন স্বরূপ যা আল্লাহ্র নিকট হতে কল্যাণময় ও পবিত্র’ (সূরা নূর, ৬১)।
-রফিউদ্দীন
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
