কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : যেকোন কাজের শুরুতে শুধু ‘বিসমিল্লাহ’ পড়তে হবে? নাকি পুরোটা পড়তে হবে?

উত্তর : ‘বিসমিল্লা-হির রহমা-নির রহীম’ পুরোটাই পড়বে কুরআন তেলাওয়াতের শুরুতে (ছহীহ মুসলিম, হা/৪০০) এবং লিখবে পত্রের শুরুতে (ছহীহ বুখারী, হা/৭)। তাছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে শুধু ‘বিসমিল্লাহ’ বলবে। যেমন, আয়েশা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ খাদ্য খাবে সে যেন বিসমিল্লাহ বলে (আবুদাঊদ, হা/৩৭৬৭; ইবনু মাজাহ, হা/৩২৬৪)। জাবির রাযিয়াল্লাহু আনহু বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বিসমিল্লাহ’ বলে তুমি তোমার দরজা বন্ধ কর। কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। ‘বিসমিল্লাহ’ বলে বাতি নিভিয়ে দাও। একটু কাঠখড়ি হলেও আড়াআড়িভাবে রেখে ‘বিসমিল্লাহ’ বলে পাত্রের মুখ ঢেকে রাখ। ‘বিসমিল্লাহ’ বলে পানির পাত্র ঢেকে রাখ’ (বুখারী, হা/৩২৮০; মুসলিম, হা/২০১২; আবুদাঊদ, হা/৩৭৩১; তিরমিযী, হা/২৮৫৭)।

-মাহমুদুল হাসান

রামভদ্রপুর, ফুলপুর, ময়মনসিংহ।


Magazine