কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : ইমাম কুরআন তেলাওয়াত করলে মুক্তাদীদের চুপ থাকা যরূরী। তাহলে তারা ইমামের পিছনে কখন ও কিভাবে সূরা ফাতিহা পাঠ করবে?

উত্তর : একাধিক ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, ইমাম কুরআন তেলাওয়াত করলে মুক্তাদীকে সূরা ফাতিহা পড়তে হবে। ওবাদাহ বিন ছামেত রাযিয়াল্লাহু আনহু হ’তে বর্ণিত, তিনি বলেন, একদিন ফজরের ছালাত শেষে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, ‘সম্ভবতঃ তোমরা তোমাদের ইমামের পিছনে কিছু পাঠ করে থাক? আমরা বললাম, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ‘তোমরা এরূপ করো না কেবলমাত্র সূরা ফাতিহা ব্যতীত। কেননা এটি পাঠ না করলে ছালাত সিদ্ধ হয় না’ (আবুদাঊদ, হা/৮২২; তিরমিযী, হা/৩১১; নাসাঈ, হা/৯১১; মিশকাত, হা/৮৫৪)। জেহরী ছালাতে মুক্তাদী কখন, কিভাবে সূরা ফাতিহা পাঠ করবে, এরূপ এক প্রশ্নের জবাবে আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, ‘তুমি এটা মনে মনে পড়’ (ছহীহ মুসলিম, হা/৩৯৫; মিশকাত, হা/৮২৩)। ইমাম আবুদাঊদের এক বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমি যখন সশব্দে ক্বিরা‘আত করি, তখন তোমরা সূরা ফাতিহা ব্যতীত কোন ক্বিরাআত পাঠ করবে না’ (আবুদাঊদ, হা/৮২৪)।

উল্লেখ্য যে, রুকূর পূর্বে বেশ কিছুক্ষণ ‘সাকতা’ করে সূরা ফাতিহা পাঠ করার বিধান সম্বলিত হাদীছটি যঈফ (দ্রঃ ইরওয়াউল গালীল, হা/৫০৫; যঈফ আবুদাঊদ, হা/৭৭৭-৭৮০)। সুতরাং তা আমলযোগ্য নয়।

-জহুরুল ইসলাম

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine