প্রায় এক মাসের মতো চলমান বন্যায় দেশের ৩১ জেলায় সাড়ে ছয় লাখের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের এ ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় ১২০০ কোটি টাকা। কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলমান বন্যায় এখন পর্যন্ত ৩১ জেলার প্রায় ১ লাখ ৭২ হাযার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নষ্ট হয়েছে ৩ লাখ ২৮ হাযার টন বিভিন্ন ধরনের শস্য। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশের। ৫০৬০২ হেক্টর জমিতে আউশের যে ক্ষতি হয়েছে, তার আর্থিক মূল্য প্রায় ২৫২ কোটি টাকা। এতে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৯৭১৮৪। এছাড়া ৯৫৫৭০ জন কৃষকের ২৫৯ কোটি ৭০ লাখ টাকার পাট ও ৮৮৪০৮ জন কৃষকের ১৫৪ কোটি ৮৩ লাখ টাকার বোনা আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৬৫৫ হেক্টর জমির। এতে ২ লাখ ৫৪ হাযার ৯৮৬ জন কৃষকের মোট ক্ষতির পরিমাণ ১২৬ কোটি টাকা। এছাড়া গ্রীষ্মকালীন সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় এক লাখ কৃষকের ক্ষতির পরিমাণ ২৯০ কোটি টাকা।
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চল এবং সিলেট ও পার্বত্য চট্টগ্রামের নিচু এলাকায় বন্যা শুরু হয়। পরবর্তী সময়ে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উত্তরাঞ্চল পেরিয়ে মধ্যাঞ্চলেও বন্যা শুরু হয়। এবারের বন্যায় আক্রান্ত জেলাগুলো হচ্ছে- সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, রাঙ্গামাটি, বান্দরবান, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নাটোর, শরিয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা, দিনাজপুর, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, নওগাঁ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ।
