উত্তর : রাগান্বিত অবস্থায় তালাক দিলে অবশ্যই তালাক হয়ে যাবে। তবে রাগ যদি অস্বাভাবিক বা হিতাহিত জ্ঞানশূন্য হয় তাহলে এমতাবস্থায় তালাক দিলে তালাক গণ্য হবে না। আয়েশা রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘রাগের অবস্থায় কোন তালাক ও দাসমুক্তি নেই’ (আবুদাঊদ, হা/২১৯৩; মিশকাত, হা/৩২৮৫)। ইমাম আবুদাঊদ রাহিমাহুল্লাহ বলেন, ‘ইগলাক্ব’ শব্দটি ‘গালাক্ব’ ধাতু হতে উৎপন্ন। যার অর্থ বন্ধ হওয়া। ক্রোধান্ধ, পাগল ও যবরদস্তি অবস্থায় মানুষের স্বাভাবিক জ্ঞান ও ইচ্ছাশক্তি লোপ পায়। তাই এ অবস্থাকে ‘ইগলাক্ব’ বলা হয় (ঐ, হাশিয়া, ২/৪১৩ পৃঃ)। তবে এক সাথে প্রদত্ত তিন তালাক এক তালাক হিসাবে গণ্য হবে এবং ইদ্দতের মধ্যে নতুন বিবাহ ছাড়াই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে (আবুদাঊদ, হা/২১৯৬)। এটাকে তালাকে রাজঈ বলে (বাক্বারাহ, ২২৯)। আর ইদ্দতের সময়সীমা অতিক্রান্ত হলে নতুন বিবাহের মাধ্যমে তাকে ফিরিয়ে নিতে পারবে। যতদিন বেঁচে থাকবে এক তালাক বলবৎ থাকবে। তালাক বাতিল হবে না। এরূপ আরেকটি তালাকে রাজঈর সুযোগ থাকবে। দ্বিতীয় তালাক হয়ে গেলে পুনরায় ঐভাবেই ফিরিয়ে নিতে পারবে। তবে তৃতীয় তালাক হয়ে গেলে আর ফিরিয়ে নিতে পারবে না। হ্যাঁ, স্বাভাবিকভাবে যদি ঐ স্ত্রী কোথাও বিবাহ করে আর কোন কারণবশতঃ তালাকপ্রাপ্তা হয় তাহলে পূর্বের স্বামীর সাথে নতুন বিবাহের মাধ্যমে ফিরে আসতে পারে’ (বাক্বারাহ, ২৩০)। উল্লেখ্য যে, এক্ষেত্রে হিল্লা বিবাহ বা পাটা বিবাহ শরী‘আতে হারাম (ইবনু মাজাহ, হা/১৯৩৪-৩৬; মুসলিম, হা/১৪৭)। এটি ছিল ওমর রাযিয়াল্লাহু আনহু-এর সাময়িক ও প্রশাসনিক ফরমান ও ইজতিহাদ মাত্র। কাজেই উল্লেখিত অবস্থায় স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে।
আব্দুল আলীম
গোদাগাড়ী, রাজশাহী।
