উত্তর : সামনে সুৎরা রেখে ছালাত আদায় করা সুন্নাত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন তোমাদের কেউ ছালাত আদায় করবে, তখন যেন সুৎরা সামনে রেখে ছালাত আদায় করে এবং তার কাছাকাছি দাঁড়ায়’ (আবুদাঊদ, হা/৬৯৮, সনদ ছহীহ)। উন্মুক্ত প্রান্তরে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বর্শা গেঁড়ে দিয়ে ছালাত আদায় করেছেন (ছহীহ মুসলিম, হা/৫০৩)। তবে মসজিদের ভিতরে সুৎরা দেয়ার ব্যাপারে ছাহাবী ও তাবেঈদের থেকে কোন প্রমাণ পাওয়া যায় না। বরং তারা ক্বিবলার দিকের দেয়াল কিংবা খুঁটির পিছনে দাঁড়িয়ে ছালাত আদায়ের চেষ্টা করতেন। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বড় বড় ছাহাবীদেরকে দেখেছি, তারা মাগরিবের সময়ে খুঁটির পিছনে দাঁড়ানোর জন্য প্রতিযোগিতা করতেন’ (ছহীহ বুখারী, হা/৫০৩)। লক্ষ্যণীয় বিষয় হল, মসজিদে খুঁটির সংখ্যা অতি অল্প থাকা সত্ত্বেও তারা কখনো মসজিদের ভিতরে অতিরিক্ত সুৎরা রেখেছেন, এমন কোন প্রমাণ পাওয়া যায় না। তাই মসজিদের ভিতরে সুৎরা রাখা ঠিক নয় (ফাতাওয়া লাজনাহ দায়িমাহ, ৭/৭৬)। তাছাড়া সুৎরা নেয়া সুন্নাত, ওয়াজিব নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা ময়দানে সুৎরা ছাড়াও ছালাত আদায় করেছেন’ (ছহীহ বুখারী, হা/৭৬, ৪৯৩)। বিধায় সুৎরা দিয়ে মসজিদ ভরে ফেলা এবং সেই সুৎরা এক মুছল্লীর সামনে থেকে টেনে আরেকজনের সামনে দিয়ে পার হয়ে যাওয়া, এই ধরনের ভিত্তিহীন বিদ‘আতী আমল থেকে বিরত থাকা যরূরী। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এমন আমল করল, যে ব্যাপারে আমাদের কোন নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ বুখারী, হা/৬০; ছহীহ মুসলিম, হা/১৭১৮; মিশকাত, হা/১৪০)।
-উত্তর রামপুর উন্মুক্ত ইসলামী পাঠাগার
পত্নীতলা, নওগাঁ।
