১. বৃক্ষরোপণকারীর মর্যাদা:
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَة.
আনাস ইবনু মালেক রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মুসলিম যে গাছ লাগায় অথবা ফসল ফলায়, অতঃপর কোনো পাখি অথবা মানুষ অথবা পশু এর থেকে কিছু খায়; তাহলে মালিকের জন্য তা ছাদাক্বা হিসেবে গণ্য হবে’।[1]
عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنْ قَامَتِ السَّاعَةُ وَفِي يَدِ أَحَدِكُمْ فَسِيلةٌ فَإِنِ اسْتَطَاعَ أَلَّا تَقُومَ السَّاعَةُ حَتَّى يَغْرِسَهَا، فَلْيَفْعَلْ.
আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ক্বিয়ামত হয়ে গেলেও তোমাদের কারও হাতে যদি কোনো গাছের চারা থাকে এবং সে তা এর আগেই রোপণ করতে সক্ষম হয়, তবে সে যেন তা রোপণ করে ফেলে’।[2]
শিক্ষা: বৃক্ষরোপণ অত্যন্ত মহৎ কাজ, বিশেষভাবে ফলদায়ক গাছ লাগানো। বৃক্ষরোপণের দ্বারা মানুষ, জীবজন্তু ও পশুপাখি উপকৃত হয়। অতএব, কেউ যদি অল্প কিছু তা হতে খায়, তাহলে মালিকের গালি দেওয়া উচিত নয়; বরং তার উপর কর্তব্য হলো ছওয়াবের আশা করা।
২. সৎকাজে অপরকে উদ্বুদ্ধ করার ছওয়াব:
عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ.
আবূ মাসঊদ আনছারী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোনো সৎকাজে অপরকে উদ্বুদ্ধ করে, সেও ততটুকু ছওয়াব পায়, যতটুকু সৎকর্মী পায়’।[3]
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا.
আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কাউকে সৎপথের দিকে ডাকে, তার জন্য সেই পরিমাণ ছওয়াব রয়েছে, যা তার অনুসারীদের জন্য রয়েছে; অথচ এটা তাদের ছওয়াবের কোনো অংশই কমাবে না’।[4]
শিক্ষা: অতএব, সবার কর্তব্য হলো ভালো কাজে অন্যকে সহযোগিতা করা এবং অন্যায় কাজে সহযোগিতা না করা। আল্লাহ তাআলা বলেন,وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ‘সৎকাজে ও আল্লাহভীরুতার কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।
৩. ভালো কাজে সুপারিশ করার প্রতিদান:
আল্লাহ তাআলা বলেন,مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا ‘যে ব্যক্তি কোনো ভালো কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে ছওয়াবের অংশ আছে। আর যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে পাপের অংশ আছে’ (আন-নিসা, ৪/৮৫)।
عَنْ أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا أَتَاهُ السَّائِلُ أَوْ صَاحِبُ الحَاجَةِ قَالَ اشْفَعُوا فَلْتُؤْجَرُوا وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ رَسُولِهِ مَا شَاءَ.
আবূ মূসা রাযিয়াল্লাহু আনহু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, যখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট কোনো ভিক্ষুক বা অভাবী লোক আসত, তখন তিনি ছাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, ‘তোমরা সুপারিশ করো বা আবেদন করো, তাহলে তোমাদের সুপারিশের প্রতিদান বা ছওয়াব দেওয়া হবে। আল্লাহ তাআলা যে আদেশ জারি করতে চান, তা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষায় জারি করেন’।[5]
শিক্ষা: কেউ যদি কাউকে কোনো ভালো কাজে সহযোগিতা করতে না পারে, তাহলে যে করতে সামর্থ্য রাখে তার কাছে আবেদন করবে বা সুপারিশ করবে। এর বিনিময় সেও পাবে।
-মাহবূবুর রহমান মাদানী (রাজশাহী)
শিক্ষক, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
[1]. ছহীহ বুখারী, হা/২৩২০; ছহীহ মুসলিম, হা/১৫৫৩।
[2]. মুসনাদে আহমাদ, হা/১২৯৮১; আদাবুল মুফরাদ, হা/৪৭৯, হাদীছ ছহীহ।
[3]. ছহীহ মুসলিম, হা/১৮৯৩।
[4]. ছহীহ মুসলিম, হা/২৬৭৪।
[5]. ছহীহ বুখারী, হা/৬০২৭; মিশকাত, হা/৪৯৫৬।
