কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬): জিমে গিয়ে শরীর গঠন (Bodybuilding) করা যাবে কি? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কি Six Pack ছিল? দলীলসহ জানাবেন।

উত্তর: প্রথমত, জিমে বা অন্য কোথাও ব্যায়ামের মাধ্যমে শরীর গঠন করে সুঠাম দেহের অধিকারী হওয়া জায়েয ও প্রশংসনীয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা তাদের (কাফেরদের) মোকাবিলার জন্য যতটুকু পার শক্তি প্রস্তুত করো…’ (আল-আনফাল, ৮/৬০)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ও অধিক প্রিয়’ (ছহীহ বুখারী, হা/২৬৬৪)। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, যেমন- (১) নিয়্যত ভালো হতে হবে (স্বাস্থ্য, শক্তি, ইবাদতে সহায়তা); (২) সতর ঢেকে রাখতে হবে; (৩) হারাম কিছু না থাকা (অশ্লীলতা, মিউজিক, ফ্রি-মিক্সিং); (৪) অহংকার/লোকদেখানো (রিয়া) না করা; (৫) ক্ষতিকর মেডিসিন গ্রহণ না করা, যেমন- স্টেরয়েড ইত্যাদি। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শরীর ছিল সুগঠিত ও শক্তিশালী। আনাস ইবনে মালিক রাযিয়াল্লাহু আনহু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা করে বলেন, তিনি ছিলেন মাঝারি গড়নের মানুষের অন্তর্ভুক্ত, তিনি খুব লম্বা ছিলেন না, আবার খাটোও ছিলেন না (ছহীহ বুখারী, হা/৩৫৪৭)। বারা ইবনু আযেব রাযিয়াল্লাহু আনহু বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাঝারি গড়নের এবং তার দুই কাঁধের মধ্যবর্তী দূরত্ব ছিল প্রশস্ত (ছহীহ বুখারী, হা/৩৫৫১)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বুক ও পেট সমান ছিল (শামায়েলে তিরমিযী, হা/০৭)। Six Pack আধুনিক একটি টার্ম বা পরিভাষা। প্রশিক্ষিত জিম ট্রেইনারের তত্বাবধানে লম্বা সময় নিয়ে কৃত্রিম উপায়ে পেটের উপর এই সিক্স প্যাক (ছয়টি ভাঁজ) তৈরি করা হয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পেটের বিবরণ সংশ্লিষ্ট হাদীছগুলোতে এমন কোনো বিবরণ পাওয়া যায় না। সুতরাং অনুমান করে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য সিক্স প্যাক সাব্যস্ত করা যাবে না। বরং এগুলো রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ব্যঙ্গ করার শামিল (বিস্তারিত দেখুন- রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, লেখক- আব্দুর রহিম বিন আব্দুর রাযযাক)।

 

প্রশ্নকারী : আ. বাসেত

কুমিল্লা।

Magazine