কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : সূরা বাক্বারাহ-৪৮ নং আয়াতে বলা হয়েছে,‘তোমরা সে দিবসকে ভয় কর, যেদিন কোন ব্যক্তি অন্য ব্যক্তি হতে কিছুমাত্র উপকৃত হবে না এবং কোন ব্যক্তি হতে কোন সুপারিশও গৃহীত হবে না, কোন ব্যক্তি হতে কোন বিনিময়ও গ্রহণ করা হবে না এবং তাদেরকে সাহায্য করাও হবে না’। অনেকেই বলছেন, এই আয়াত প্রমাণ করে যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করতে পারবেন না। এর সঠিক ব্যাখ্যা কী?

উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। প্রশ্নোল্লেখিত আয়াতের অর্থ এই যে, ক্বিয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে যে কেউ কারো জন্য সুপারিশ করার সক্ষমতা রাখবে না। অর্থাৎ নিজ ক্ষমতায় কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না এমনকি কোন নবীও না, কোন রাসূলও না। তবে, আল্লাহ তা‘আলার অনুমতি সাপেক্ষে নবী-রাসূলগণ, শহীদগণ ও মুমিন ব্যক্তিগণ সুপারিশ করতে পারবে। যেমন আল্লাহ ক্বিয়ামতের দিন বলবেন, হে মুহাম্মাদ! আপনার মাথা উঠান এবং সুপারিশ করুন। আপনার সুপারিশ গ্রহণ করা হবে আর আপনি যা চান, আপনাকে তাই দেয়া হবে (ছহীহ বুখারী, হা/৩৩৪০)। মহান আল্লাহ বলেন, ‘কে এমন আছে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে?’ (আল-বাক্বারাহ, ২৫৫)। এই আয়াত থেকে বুঝা যায় যে, যাদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন তারা সুপারিশ করবেন।

ড. শাখাওয়াত হোসেন মোল্লাহ

তিতাস, কুমিল্লা ।


Magazine