কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : সামনের কাতার পূর্ণ হয়ে গেলে পিছনের কাতারে একাকী দাঁড়ানো যাবে কি?

উত্তর : যদি কাতারে দাঁড়ানোর মত কোন জায়গা না থাকে বা কোন মুছল্লী আসছে বলে লক্ষ্যণীয় না হয় তখন কারো জন্য অপেক্ষা না করে একাই দাঁড়িয়ে যাবে। কারণ তার জন্য জামা‘আতে শরীক হওয়া ওয়াজিব। যেমন কোন মহিলা একাকী থাকলে সে একাকী পিছনে দাঁড়াবে। কারণ পুরুষের কাতারে দাঁড়ানো তার জন্য জায়েয নয় (শায়খ উছায়মীন, ফাতাওয়া আরকানিল ইসলাম, পৃঃ ৩৭৩)। উল্লেখ্য, সামনের কাতার থেকে কোন মুছল্লীকে পেছনে টেনে আনার ব্যাপারে যে হাদীছ বর্ণিত হয়েছে, তা নিতান্তই যঈফ (বিস্তারিত আলোচনা দ্রঃ আলবানী, ইরওয়াউল গালীল, হা/৫৪১, ২/৩২৩-৩২৯পৃঃ; তাবরানী, কিতাবুল আওসাত, ৮/৩৭৪, হা/৭৭৬৪)। তাছাড়া সামনের কাতার থেকে মুছল্লীকে পেছনে টেনে আনলে তাকে ছালাতের মধ্যে দ্বিধার মধ্যে ফেলে দেয়া হয়, তাকে উত্তম থেকে অনুত্তমের দিকে নিয়ে যাওয়া হয় এবং এজন্য কাতারে শূন্যতা সৃষ্টি হয় (ফাতাওয়া উছায়মীন, ১৩/৩৮)। উল্লেখ্য যে, একাকী পেছনের কাতারে দাঁড়িয়ে ছালাত হবে না মর্মে যে হাদীছ রয়েছে তা তখনই প্রযোজ্য হবে যখন সামনের কাতার অপূর্ণ থাকবে (ইরওয়াউল গালীল, ২/৩২৩-৩২৯পৃঃ)।

আলমগীর হোসেন

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine