কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫): বিভিন্ন অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, ইসলামী গান বা নাশীদের ব্যবস্থা থাকে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে কি এগুলো ছিল? শরীআহ অনুযায়ী এগুলো করার বিধান কী?

উত্তর: রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছাহাবীগণ কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিভিন্ন মাজলিস শুরু করতেন। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু বলেন, ছাহাবায়ে কেরাম যখন কোনো আলোচনা তথা ফিক্বহী আলোচনার মজলিসে বসতেন, তখন তাদের মধ্যে একজন কোনো সূরা পাঠ করতেন অথবা একজনকে কুরআনের কোনো একটি সূরা পাঠ করার জন্য নির্দেশ দেওয়া হতো (মুসতাদরাক হাকেম, হা/৩২২; বায়হাক্বী, আল-মাদখাল, হা/৩১৩)। তবে সর্বপ্রথম হামদ ও ছানা পাঠ করতেন (আহমাদ, হা/১৫২৬; ছহীহাহ, হা/১৬৯)। ছাহাবীগণ রাযিয়াল্লাহু আনহুম বিভিন্ন সময় কবিতা আবৃত্তি, হামদ (আল্লাহর প্রশংসা) ও নাত (রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রশংসা) পাঠ করতেন। যেমন- খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা পাঠ করেছেন আর ছাহাবীগণ কবিতা পাঠ করে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উত্তর প্রদান করেছেন (ছহীহ বুখারী, হা/৭২০১)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসসান বিন ছাবিতকে কবিতা পাঠের অনুমতি প্রদান করেছেন (ছহীহ বুখারী, হা/৩৫৩১)। সুতরাং ইসলামী নাশীদের মাধ্যমে যদি আল্লাহ ও রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রশংসা এবং ইসলামী আদর্শ ও আখলাকের উপর উদ্বুদ্ধ করা হয়, তাহলে তার উপর ইসলামী শরীআহ উৎসাহ প্রদান করেছে।

-রাফিউল ইসলাম

পাবনা।


Magazine