কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩): অমুসলিম সম্প্রদায়ের সাথে চলাফেরার সুবাদে তাদেরকে ভাই অথবা বন্ধু বলে সম্বোধন করা যাবে কি?

উত্তর: কোনো অমুসলিম সম্প্রদায়ের কাউকে ভাই বা বন্ধু বলে ডাকা জায়েয নয়, যদি সে আত্মীয় না হয়। কারণ একজন কাফের ও একজন মুসলিমের মধ্যে কোনো ভ্রাতৃত্ব নেই। আল্লাহ তাআলা বলেছেন, ‘নিশ্চয়ই মুমিনগণ পরস্পরের ভাই’ (আল-হুজুরাত, ৪৯/১০)। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মুসলিম মুসলিমের ভাই’ (ছহী বুখারী, হা/৬৪৮১)। সঠিক আক্বীদা-বিশ্বাসে অটল একজন মুসলিমের উচিত কাফের, মুশরিক ও নাস্তিকদেরকে ‘ভাই’ বলে ডাকার ক্ষেত্রে সতর্ক থাকা, যদি এর প্রয়োজন না হয়, যেমন- তাদের হৃদয় ইসলামমুখী করার উদ্দেশ্যে অথবা তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য। কারণ বারবার এ ধরনের ‘ভাই’ শব্দ ব্যবহার করলে মুমিনের অন্তরে তাদের প্রতি ঝোঁক, ভালোবাসা ও ঘনিষ্ঠতা সৃষ্টি হতে পারে আর কাফিরদের প্রতি ভালোবাসা রাখা হারাম। বরং এটি একজন বান্দার ঈমানকেও ক্ষুণ্ন করে। আল্লাহ তাআলা বলেন, ‘তুমি এমন কোনো সম্প্রদায় পাবে না যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে; অথচ আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করে এমন ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব রাখে। যদিও তারা তাদের পিতা, সন্তান, ভাই বা আত্মীয় হয়। এদের অন্তরে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করেছেন, তাঁর পক্ষ থেকে তাদেরকে রূহ দ্বারা শক্তি দিয়েছেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে নদী প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এরাই আল্লাহর দল। জেনে রেখো! আল্লাহর দলই সফলকাম’ (আল-মুজাদালা, ৫৮/২২)।

প্রশ্নকারী : ইব্রাহিম খলিল

রায়পুরা, নরসিংদী।

Magazine