কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : মাকে পর্দাসহ শরী‘আতের অন্যান্য বিধি-বিধান মেনে চলতে বললে তিনি আমার উপর অসন্তুষ্ট হন। এতে কি আমার পাপ হবে?

উত্তর : যথাযথ সদ্ব্যবহার ও সদাচরণ বজায় রেখে পিতা-মাতাকে দ্বীনের দাওয়াত দিলে তাতে কোনো পাপ হবে না। কেননা পরস্পরকে হক্ব ও সৎকাজের দাওয়াত দেয়া নৈতিক দায়িত্ব এবং পাপ থেকে মুক্তিলাভের অন্যতম মাধ্যম। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও সৎ আমল করে এবং পরস্পরকে হক্বের উপদেশ দেয় ও ধৈর্যধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করে’ (আছর, ২-৩)। তিনি আরো বলেন, ‘আর মুমিন পুরুষ ও নারী পরস্পর একে অন্যের বন্ধু, তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ হতে নিষেধ করে, আর ছালাত কায়েম করে ও যাকাত প্রদান করে, আর আল্লাহ ও তাঁর রাসূলের আদেশ মেনে চলে, এসব লোকের প্রতি আল্লাহ অবশ্যই করুণা বর্ষণ করবেন, নিঃসন্দেহে আল্লাহ অতিশয় সম্মানিত ও মহাজ্ঞানী’ (তাওবা, ৭১)। তবে তারা শরী‘আতের বিধান অনুসরণ করুক আর না করুক কোনো অবস্থাতেই তাদের সাথে অসদাচরণ করা যাবে না। আসমা বিনতে আবুবকর রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কুরাইশদের সাথে মুসলিমদের সন্ধির সময় আমার মা মুশরিকা অবস্থায় আমার কাছে আসলেন। তখন আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার মা আমার কাছে এসেছেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণে অনাগ্রহী। এমতাবস্থায় আমি কি তার সাথে সদাচরণ করবো? তিনি বললেন, ‘হ্যাঁ, তার সাথে সদাচরণ করো’ (ছহীহ বুখারী, হা/৩১৮৩; ছহীহ মুসলিম, হা/১০০৩; মিশকাত, হা/৪৯১৩)।

-হাসিনুর রহামান

 পীরগঞ্জ, ঠাকুরগাঁও।


Magazine