কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১): আমি বাবা-মা ও বিবাহিত বড় বোনকে সরাসরি ছালাত বা ইবাদতের কথা বলি না, শুধু তাদের হেদায়াতের জন্য দু‘আ করি। এ অবস্থায় তারা যদি ইবাদত না করে, তবে তাদের প্রতি দাওয়াত না দেওয়ার কারণে আমার কোনো গুনাহ হবে কি? আর আমি নিজে আল্লাহর হুকুম মেনে চললে কি একাই জান্নাতে যেতে পারব?

উত্তর: এমতাবস্থায় সরাসরি দাওয়াত দিতে হবে। দাওয়াত না দিলে উভয়ের অবস্থা একই হবে। এখন দোআ করে লাভ হবে না। বরং পরিবারের সদস্যদের দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো’ (আত-তাহরীম, ৬৬/৬)। আল্লাহ তাআলা আরও বলেন, ‘তোমার পরিবারকে ছালাতের নির্দেশ দাও এবং এ ব্যাপারে ধৈর্য ধারণ করো’ (ত্ব-হা, ২০/১৩২)। হুযায়ফা ইবনুল ইয়ামান রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সেই সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ! নিশ্চয়ই তোমরা সৎকাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ তাআলা শীঘ্রই তোমাদের উপর তাঁর শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তাঁর নিকট দু‘আ করলেও তিনি তোমাদের সেই দু‘আ গ্রহণ করবেন না’ (তিরমিযী, হা/২১৬৯)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মানুষ যখন কোনো খারাপ কাজ হতে দেখে, অথচ সেটাকে পরিবর্তন করে না, অনতিবিলম্বেই আল্লাহ তাআলা তাদের উপর তাঁর আযাব নাযিল করবেন’। অন্য বর্ণণায় আছে, ‘যে জাতির মধ্যে পাপাচার হয়, আর সে জাতির পরিবর্তন করার ক্ষমতা থাকা সত্ত্বেও সেটার পরিবর্তন না করে, তাহলে অনতিবিলম্বে আল্লাহ তাআলা তাকে শাস্তি প্রদান করবেন’ (ইবনু মাজাহ, হা/৪০০৫; আবূ দাঊদ, হা/৪৩৩৮)।

প্রশ্নকারী :  মেরাজ

পীরগঞ্জ, রংপুর।

Magazine