কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২): যদি কোনো কারণবশত স্বামী-স্ত্রীর তালাক হয়ে যায়। তাহলে তাদের সন্তানগুলো কার হবে? দলীলসহ বিস্তারিত জানতে চাই।

উত্তর: তালাক হয়ে গেলে সন্তান স্বয়ংক্রিয়ভাবে শুধু বাবার বা শুধু মায়ের হয়ে যায় না। সন্তানের হিযানত (লালন-পালন ও দেখাশোনার অধিকার)-এর ক্ষেত্রে শুধু মা বা বাবার অধিকার দেখাই মূল বিষয় নয়; সন্তানের কল্যাণ ও ক্ষতি থেকে তার সুরক্ষা হলো প্রধান বিবেচ্য (মাজমূউল ফাতাওয়া, ৩৪/১৩১)। ছোট সন্তানের দৈনন্দিন লালন-পালনের অধিকার সাধারণত মায়ের, যতক্ষণ মা তার যোগ্যতা না হারায়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তালাকপ্রাপ্তা নারীকে বলেছেন, ‘তুমি তার ব্যাপারে অধিক হক্বদার, যতক্ষণ না তুমি বিবাহ কর’ (আবূ দাঊদ, ২২৭৬)। সন্তানের ভরণ-পোষণের দায়িত্ব পিতার উপরই থাকে, সন্তান মায়ের কাছে থাকলেও। আল্লাহ তাআলা বলেন, ‘সন্তানের পিতার উপর তাদের (মায়েদের) খাদ্য ও পোশাকের দায়িত্ব প্রচলিত নিয়ম অনুযায়ী’ (আল-বাকারা, ২/২৩৩)। আর শিশু যখন এমন বয়সে পৌঁছে যে, সে বুঝে পছন্দ করতে পারে, তখন সে তার কল্যাণ ও পছন্দ অনুযায়ী পিতা বা মাতার কাছে অবস্থান করবে (আবূ দাঊদ, হা/২২৭৭)। তবে সন্তান পিতা বা মাতা যার কাছেই থাকুক না কেন অপরের (পিতা/মাতা) সাথে সাক্ষাতে বাধা দেওয়া জায়েয নয়। কেননা তাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় (ছহীহ বুখারী, হা/৫৯৮৪; ছহীহ মুসলিম, হা/২৫৫৬)।

প্রশ্নকারী : ছাবির আহমেদ

গাজীপুর।


Magazine