কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯): স্বামী ছালাত আদায় করে না, অনেক অনিয়ম, বাজে চলাফেরার কারণে অশান্তি লেগে থাকে। সে ঠিকমতো বাসায় আসে না, অন্য মেয়েদের সাথে যোগাযোগ রাখে, গালিগালাজ করে কথা বলে, মারমুখী হয়। কিছুদিন আগে মোবাইল চেক করায় গায়েও হাত তুলেছে। এই মুহূর্তে আমার কী করা উচিত? আমার কি এই সংসার করা ঠিক হবে? সে ছালাত না পড়ায় কি আমাদের বিবাহ ঠিক আছে?

উত্তর: ক. স্বামী দ্বীনের অনুশাসন না মেনে জীবনযাপন করছেন। স্ত্রীর করণীয় হলো, দ্বীন বুঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা, বিনয় অবলম্বন করে নম্রভাবে বুঝানোর চেষ্টা করা। প্রয়োজনে এমন কাউকে দিয়ে নছীহত করানো, যাকে তিনি মান্য করেন। আশা করা যায়, এই প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে হেদায়াত দান করবেন। খ. যদি স্বামী ছালাতকে অস্বীকার না করেন, তাহলে তিনি কাফির নন। এক্ষেত্রে আপনাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হবে না। আর যদি তিনি ছালাতকে অস্বীকার করেন, তাহলে তিনি কাফির হয়ে গেছেন৷ এক্ষেত্রে আপনাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। (মাজমূউল ফাতাওয়া, ইমাম ইবনু তাইমিয়্যাহ, ৭/৬০৯-৬১০)। প্রশ্নের বিবরণ অনুযায়ী তার স্বামী অমুসলিম নয়, তাই তার সাথে সংসার করতে পারে। তবে পরিস্থিতি অনুযায়ী স্ত্রীর খোলা তালাক নেওয়ার স্বাধীনতা রয়েছে।

প্রশ্নকারী : সাওদা

রাজশাহী।


Magazine