উত্তর: রামাযানের আগমনে একজন মুসলিমের আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা উচিত। রামাযানের প্রস্তুতির জন্য উল্লেখযোগ্য কিছু আমল হলো- ১. রামাযানের প্রস্তুতিস্বরূপ শা‘বান মাসে বেশি বেশি ছিয়াম পালন করা। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রামাযান ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস ছিয়াম পালন করতে দেখিনি এবং শা‘বান মাস ছাড়া অন্য কোনো মাসে এত অধিক ছিয়াম পালন করতে দেখিনি (ছহীহ বুখারী, হা/১৮৬৮; ছহীহ মুসলিম, হা/১১৫৬)। ২. তওবা করা। আল্লাহর হক্ব ও বান্দার হক্ব নষ্টের ব্যাপারে যে গুনাহগুলো আছে সেগুলো থেকে তওবা করে পূত-পবিত্র মন নিয়ে বরকতময় মাসে ইবাদতে আত্মনিয়োগ করা। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো (আন-নূর, ২৪/৩১)। ৩. কোনো কাযা ছিয়াম থেকে থাকলে তা পূর্ণ করা (ছহীহ বুখারী, হা/১৮৪৯; ছহীহ মুসলিম, হা/১১৪৬)। এ মাসে অনেক ইবাদত আছে। তার প্রথম ইবাদত হলো ছিয়াম রাখা (আল-বাকারা, ২/১৮৩)। ৪. কিয়ামুল লায়ল করা। যে ব্যক্তি ঈমানের সাথে ও ছওয়াবের আশায় কিয়ামুল লায়ল করবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে (ছহীহ বুখারী, হা/৩৭)। এছাড়াও খাবার খাওয়ানো, ই‘তিকাফ করা, ছাদাক্বা করা, কুরআন তেলাওয়াত করা ইত্যাদি।
-আশিক বাবু
ঠাকুরগাঁও।
