কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫): বিভিন্ন ফাউন্ডেশন কিংবা ব্যক্তিরা মানুষের কাছ থেকে যাকাত কালেক্ট করে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন, কিংবা মানুষকে আর্থিক সহযোগিতা করেন, আবার কেউ কেউ স্বাবলম্বী প্রকল্পও পরিচালনা করেন। এই ক্ষেত্রে যদি আমার যাকাতের টাকা তাদের কাছে দেই এবং তারা যদি যাকাতের প্রাপ্য হক্বদারের কাছে বিতরণ না করেন, তাহলে আমার যাকাত আদায় হবে কি?

উত্তর: কোনো ব্যক্তি বা ফাউন্ডেশন যদি যাকাত বিতরণের প্রতিনিধি وَكِيل)) হিসেবে যাকাত সংগ্রহ করে, তাহলে তাদের দায়িত্ব শরীআত নির্ধারিত খাতসমূহে যাকাতের সম্পদ যথাযথভাবে পৌঁছে দেওয়া। তারা যদি যাকাতের অর্থ নির্ধারিত হক্বদারদের কাছে না দিয়ে অন্য কোনো অননুমোদিত খাতে ব্যয় করে, তাহলে শুধু তাদের কাছে যাকাতের অর্থ হস্তান্তর করার মাধ্যমে যাকাত আদায় হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ব্যয়ের খাত নিজেই নির্ধারণ করে দিয়েছেন। তিনি বলেন, ‘ছাদাকা (যাকাত) তো কেবল ফকীর, মিসকীন, যাকাত আদায়ের কাজে নিযুক্ত কর্মচারী, যাদের অন্তর আকৃষ্ট করা প্রয়োজন তাদের জন্য, দাসমুক্তিতে, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়’ (আত-তাওবা, ৯/৬০)।

প্রশ্নকারী : রাজু আহমেদ

কুমিল্লা।


Magazine