উত্তর: বাইনান্স একটি অনলাইন বাজার, যেখানে বিটকয়েন (Bitcoin), ইথারেয়াম (Ethereum) এবং বাইনান্স কয়েনের (BNB) মতো শত শত ভার্চুয়াল মুদ্রা কেনা, বিক্রি ও বিনিময় করা যায়। এই বাইনান্সে স্পট ট্রেড (সরাসরি ডিজিটাল মুদ্রা ক্রয়-বিক্রয়) করা জায়েয নয়। কারণ এই ডিজিটাল মুদ্রাগুলো শারঈ দৃষ্টিকোণ থেকে মাল বা সম্পদ নয়, আবার রাষ্ট্রীয়ভাবে এগুলো স্বীকৃত মুদ্রাও নয়। সুতরাং যারা স্পট ট্রেডকে স্টক বিজনেসের মতো মনে করছে তারা ভ্রান্তির শিকার। কারণ স্টক বিজনেসের জন্য পণ্যটি শরীআত স্বীকৃত সম্পদ হতে হবে। আর ডিজিটাল মুদ্রা শরীআত স্বীকৃত সম্পদ নয়। কারণ শরীআত স্বীকৃত সম্পদ হওয়ার জন্য অন্তত তিনটি শর্তে উত্তীর্ণ হতে হয়- ১. ইসলামী শরীআতের দৃষ্টিতে এমন সম্পদ হতে হবে, যার মূল্য নির্ধারণ করা যায়। ২. মালিকানা বৈধ উপায়ে হস্তান্তর করা যায়। ৩. منفعة مباحة অর্থাৎ তার দ্বারা বৈধভাবে উপকৃত হওয়া যায় (ছহীহ ফিকহুস সুন্নাহ, ৪/২৫১)। এই তিনটি বৈশিষ্ট্য একত্রে বিদ্যমান থাকে না ডিজিটাল মুদ্রার মধ্যে। তাই এটা সম্পদ নয়। আবার বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বা বাইনান্সের সরাসরি আইনি বৈধতা নেই। বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে ক্রিপ্টো লেনদেনের বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে আর্থিক লেনদেন বা ব্যাংক থেকে সরাসরি টাকা তোলা ঝুঁকিপূর্ণ ও নিষিদ্ধ করা হয়েছে। অতএব, বাইনান্সে স্পট ট্রেডসহ যাবতীয় লেনদেন জায়েয নয়।
প্রশ্নকারী : আব্দুর রাকিব
চিরিরবন্দর, দিনাজপুর।
