কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২): উহুদ যুদ্ধে মুসলিমদের পরাজয়ের কারণ কী ছিল? ধন-সম্পদের লোভ কি কারণগুলোর মাঝে ছিল?

উত্তর: ক. উহুদ যুদ্ধের প্রারম্ভে আল্লাহ তাআলা তাঁর প্রতিশ্রুতি মোতাবেক মুসলিমদের বিজয় দান করেছিলেন। কিন্তু কিছু তিরন্দাজদের নির্দেশনা অমান্য এবং গনীমত অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করার কারণে শেষ পর্যন্ত যুদ্ধের কাঙ্ক্ষিত ফলাফল মুসলিমদের পক্ষে আসেনি। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُم بِإِذْنِهِ حَتَّىٰ إِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَعَصَيْتُم مِّن بَعْدِ مَا أَرَاكُم مَّا تُحِبُّونَ وَمِنكُم مَّن يُرِيدُ الدُّنْيَا وَمِنكُم مَّن يُرِيدُ الْآخِرَةَ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ وَلَقَدْ عَفَا عَنكُمْ وَاللَّهُ ذُو فَضْلٍ عَلَى الْمُؤْمِنِينَ ‘আল্লাহ তোমাদের সঙ্গে তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন যখন তোমরা আল্লাহর অনুমতিক্রমে তাদেরকে বিনাশ করছিলে, যে পর্যন্ত না তোমরা সাহস হারালে এবং নির্দেশ মানার ক্ষেত্রে মতভেদ সৃষ্টি করলে আর যা তোমরা ভালোবাস তা তোমাদের দেখানোর পর তোমরা অবাধ্য হলে। তোমাদের কতক ইহকাল চাচ্ছিল আর কতক পরকাল চাচ্ছিল। এরপর তিনি পরীক্ষা করার জন্যে তোমাদেরকে তাদের হতে ফিরিয়ে দিলেন। অবশ্যই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন এবং আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল’ (আলে ইমরান, ৩/১৫২)। খ. উহুদ যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিমরা ছাহাবী ছিলেন। তাদের ক্ষেত্রে ‘সম্পদের লোভ’ শব্দটি বেমানান। কিছু তিরন্দাজ ছাহাবীদের ভুল ছিল এই যে, তারা ভেবেছিলেন বিজয় অর্জন হয়েই গেছে; মুশরিকরা আর যুদ্ধে এগোতে পারবে না। তাই আনন্দে গনীমতের প্রতি মনোযোগ দিয়েছিলেন। অথচ নির্দেশনা ছিল, إِنْ رَأَيْتُمُونَا ظَهَرْنَا عَلَيْهِمْ فَلَا تَبْرَحُوا ‘যদি তোমরা তাদের বিরুদ্ধে আমাদের বিজয় প্রত্যক্ষ কর, তবুও তোমরা নিজ স্থান থেকে সরবে না’ (ছহীহ বুখারী, হা/৪০৪৩)। এই নির্দেশনা অমান্য করার ফলে যুদ্ধের কাঙ্ক্ষিত ফলাফল মুসলিমদের পক্ষে আসেনি। কিন্তু তাদের এই ভুলকে মহান আল্লাহ ক্ষমা করে দিয়ে বলেছেন, ولقد عفا عنكم ‘আর তিনি অবশ্যই তোমাদেরকে ক্ষমা করেছেন’ (আলে ইমরান, ৩/১৫২)।

প্রশ্নকারী : সাকিব

সোনাগাজী, ফেনী।


Magazine